অস্ট্রেলিয়াই ওয়ার্নারের সেরা
এবি ডি ভিলিয়ার্সের কথাটি নিশ্চয়ই শুনেছেন ডেভিড ওয়ার্নার? গ্রুপ পর্বে ভারত ও পাকিস্তানের কাছে হারার পরও দক্ষিণ আফ্রিকা অধিনায়কের দাবি, তাঁর দলই টুর্নামেন্টের সেরা দল। অস্ট্রেলিয়া সেখানে হেরেছে একটি ম্যাচ। সেটিও নিউজিল্যান্ডের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে মাত্র ১ উইকেটে। ডেভিড ওয়ার্নারও তাই বলতেই পারেন, অস্ট্রেলিয়াই টুর্নামেন্টের সেরা দল!
সমস্যা হলো, টুর্নামেন্টে তো দুটি দল আছে যাঁরা এখনো হারের স্বাদই পায়নি! নিউজিল্যান্ড ও ভারতকে মনে হচ্ছে প্রায় অপ্রতিরোধ্য। ওয়ার্নারের মাথায়ও সেটি আছে। এই দুই দলের নাম নিয়েই অস্ট্রেলিয়ান ওপেনার বলেছেন, ‘এ মুহূর্তে অবশ্যই নিউজিল্যান্ডকে হারানো সবচেয়ে কঠিন। ভারতও দুর্দান্ত ক্রিকেট খেলছে। কিন্তু আমাদের দলটা যেমন, বিশেষ করে গত ম্যাচে যে কম্বিনেশন নিয়ে আমরা খেলেছি এবং যেভাবে খেলেছি, আমার মনে হয় আমরাই সেরা।’
ওয়ার্নারের দাবির ভিত্তি আসলে গত ম্যাচের সমন্বয় ও পারফরম্যান্সই। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে একাদশে ফিরেছেন শেন ওয়াটসন, খেলানো হয়েছে পাঁচে। তিনে খেলেছেন স্টিভেন স্মিথ। শ্রীলঙ্কার বিপক্ষে দাপটে জিতেছে অস্ট্রেলিয়া। শেন ওয়ার্নসহ আরও অনেক ক্রিকেট বোদ্ধা বলছেন, ৫ নম্বরই ওয়াটসনের জায়গা। গত ম্যাচের সমন্বয়টাই অস্ট্রেলিয়ার সেরা। ওয়ার্নারও দারুণ রোমাঞ্চিত এই সমন্বয়ে, ‘যেকোনো দলই যখন আমাদের সামনে এসে দেখবে ওপেনিংয়ে আমি ও ফিঞ্চি (অ্যারন ফিঞ্চ), তিন-চারে স্মিথ ও ক্লার্ক...এরপর ম্যাক্সি-ওয়াট্টো-ফকনার-হাডিন...সব দলেরই ভড়কে যাওয়া স্বাভাবিক। এই কম্বিনেশনে আমরা কতটা ভয়ংকর, গত ম্যাচেই আমরা সেটি দেখিয়েছি।’
বিশ্বকাপের প্রথম ম্যাচে স্মিথ চারে নেমে করেছিলেন ৫ রান, পরের ম্যাচে পাঁচে নেমে ৪। পরের দুই ম্যাচে তিনে খেলার সুযোগ পেয়ে করেছেন ৯৫ ও ৭২। আফগানিস্তানের বিপক্ষে স্মিথ ও ওয়ার্নারের জুটি ছিল ২৬০ রানের। ওয়ার্নারের ধারণা, তিন নম্বরই স্মিথের আসল জায়গা, ‘স্টিভেন স্মিথের সঙ্গে আগে খুব বেশি ব্যাট করা হয়নি আমার। সেদিন দারুণ উপভোগ করেছি। ৩ নম্বর ওর উপযুক্ত জায়গা। দারুণ স্মার্ট ক্রিকেট, ক্রিকেট-মস্তিষ্ক ভালো, পরিস্থিতি পড়ে নেয় দ্রুতই। আর ওয়াট্টো পাঁচেই ভালো। অনেক স্বাধীনতা নিয়ে ব্যাট করতে পারে। গত ম্যাচে এই বার্তা সে দিতে পেরেছে, যেখানেই ব্যাটিং করুক না কেন, নিজের মতো করেই খেলতে পারে।’ এএফপি, রয়টার্স, ক্রিকইনফো।