অস্ট্রেলিয়ার জন্য তৈরি হচ্ছে কিউইরা
তারুণ্যনির্ভর অস্ট্রেলিয়া দলটির খেলার কথা ছিল বাংলাদেশের সঙ্গে দুই টেস্টের সিরিজ। কিন্তু নিরাপত্তাকে কারণ দেখিয়ে অস্ট্রেলিয়া বাংলাদেশ সফর থেকে সরে দাঁড়ানোয় আপাতত স্টিভেন স্মিথদের ভাবনাজুড়ে নিউজিল্যান্ড দল।
আগামী মাসে প্রতিবেশী নিউজিল্যান্ডের সঙ্গে তিন টেস্ট সিরিজে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। ইতিহাসের প্রথম দিবারাত্রির টেস্টটিও হবে ওই সিরিজে। অ্যাডিলেডে আগামী ২৭ নভেম্বর শুরু সিরিজের শেষ টেস্টটাই হবে ফ্লাডলাইটে। এমনিতেই এটি তাসমান সাগরের এপার-ওপারের দুই প্রতিবেশীর ঐতিহ্যবাহী দ্বৈরথ, তার ওপর ইতিহাসের সাক্ষী হওয়ার রোমাঞ্চ। দুইয়ে মিলে ট্রান্স-তাসমান সিরিজটা তাই এবার বেশ জমজমাট হবে বলেই মনে করেন নিউজিল্যান্ড ব্যাটসম্যান কেন উইলিয়ামসন।
বাংলাদেশ সফর স্থগিত ঘোষণার পর এরই মধ্যে টেস্ট ক্রিকেটারদের রাজ্য দলে ফেরত পাঠিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যাঁর যাঁর দলের হয়ে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া ঘরোয়া ম্যাটাডোর কাপে খেলবেন তাঁরা। স্মিথদের কাছে এটি আসলে নিউজিল্যান্ড সিরিজেরই প্রস্তুতি।
প্রস্তুতির তোড়জোড় শুরু করেছে নিউজিল্যান্ডও। আগামী সপ্তাহেই হ্যামিল্টনে দুই দিনের প্রস্তুতি ক্যাম্প করছে তারা। যেখানে নিউজিল্যান্ড দল অনুশীলন করবে গোলাপি কোকাবুরা বলে। এই বলেই খেলা হবে দিবারাত্রির টেস্টে। সব মিলিয়ে রোমাঞ্চিত উইলিয়ামসন, ‘এটা একটা অন্য রকম অভিজ্ঞতা হবে। আগে তো কখনো এ রকম কিছু হয়নি। আন্তর্জাতিক ক্রিকেটে ইতিহাস গড়তে যাওয়া দুটি দলের একটি হতে পারা রোমাঞ্চকর ব্যাপার। এমন অনেক কিছুই হতে পারে যা আমরা আগে দেখিনি। কিন্তু রোমাঞ্চের সঙ্গে এসব থাকবে, এটাই তো নিয়ম।’
সর্বশেষ অ্যাশেজ শেষে অবসর নিয়েছেন মাইকেল ক্লার্ক, ক্রিস রজার্স, শেন ওয়াটসন ও ব্র্যাড হাডিন। চোটের কারণে বাংলাদেশ সফরের ঘোষিত দলে ছিলেন না ডেভিড ওয়ার্নার, বিশ্রাম দেওয়া হয়েছিল মিচেল জনসন ও জস হ্যাজলউডকে। নিউজিল্যান্ড সিরিজে ওয়ার্নার-জনসন আর হ্যাজলউডরা হয়তো থাকবেন। তারপরও একঝাঁক অভিজ্ঞ খেলোয়াড়ের অবসরজনিত শূন্যতাটা থাকবে। তারপরও অবশ্য অস্ট্রেলিয়াকে নিয়ে সতর্ক উইলিয়ামসন, ‘ওদের কয়েকজন খেলোয়াড় অবসর নিয়েছে, কিন্তু দলটা তো অস্ট্রেলিয়া। এমনি এমনি তো আর ওরা বিশ্বসেরা দল হয়নি। ওদের দলের গভীরতা অনেক।’
উইলিয়ামসনের সতর্কতার আরও একটা কারণ ১৯৯০ সালের পর আর কখনো ট্রান্স-তাসমান সিরিজ জিততে পারেনি নিউজিল্যান্ড। দুই দলের সর্বশেষ টেস্টটিতে অবশ্য জিতেছিল নিউজিল্যান্ডই। ২০১১ সালে হোবার্টে সেই টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪০ রানে ৬ উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে জিতিয়েছিলেন ডগ ব্রেসওয়েল। এই পেসারও সাগ্রহে অপেক্ষা করছেন প্রতিবেশীদের বিপক্ষে আরও একটা সিরিজের জন্য। তবে অস্ট্রেলিয়াকে চেনেন বলেই উইলিয়ামসনের মতো তিনিও সমীহ করছেন প্রতিপক্ষকে, ‘নিজেদের মাঠে ওদের রেকর্ড দুর্দান্ত। এই সিরিজে ওদের হারানো আসলেই খুব কঠিন হবে।’ ক্রিকেট অস্ট্রেলিয়া।