
বিশ্বকাপ ফাইনালে আমার ফেবারিট কে? কঠিন প্রশ্ন। এক দিকে অপরাজিত নিউজিল্যান্ড, আরেক দিকে একটি ম্যাচ হারা অস্ট্রেলিয়া। আমি শুধু বলতে পারি, টুর্নামেন্টের সেরা দুটি দলই ফাইনাল খেলছে।
মনস্তাত্ত্বিক দিক দিয়ে নিউজিল্যান্ডের জন্য এটি বড় ম্যাচ। প্রায় তিন মাস পর স্বস্তির জায়গা থেকে তারা বের হচ্ছে। এমসিজির পরিবেশটা এমনই যে সেখানে যেন বিদ্যুৎ খেলে যাবে, পুরো দেশ দাঁড়াবে থমকে। অভিজ্ঞতা থেকে বলছি, এখানে খেলাটা প্রায় সময়ই ভীতিপ্রদ। মাঠে ঢোকার পরপরই দেখবেন, এটা একটা থিয়েটারের মতো, পারফরম্যান্সের জন্য সাজিয়ে রাখা হয়েছে বিশাল মঞ্চ। সেরাদেরও এমসিজি চাপে ফেলতে পারে। এখন আশা, দুই দলই তাদের সেরাটা দেবে।
আমি অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখব, কারণ তারা ধারাবাহিক। কঠিন প্রতিদ্বন্দ্বীদেরও পেরিয়ে এসেছে। বোলিং আক্রমণ অসাধারণ, আর ম্যাককালামকে তাড়াতাড়ি ফেরালে তো হয়েই গেল। ম্যাককালামের পর গাপটিল, টেলর আর উইলিয়ামসন, এদের যে কেউ ব্যর্থ হলেই নিউজিল্যান্ডের জন্য কাজ কঠিন হবে।
যদি তারাই জেতে, তাহলে তাদের ক্রিকেট ও গোটা জাতির জন্যই তা হবে বিশাল। ৪৫ লাখের মতো মানুষ দেশটিতে, ভারত-পাকিস্তানে এক জনপদেই এত থাকে। নিউজিল্যান্ড ক্রিকেটের সাম্প্রতিক বিকাশটা বোঝা যায় তাদের এত দূরে এগিয়ে আসাতেই।
তারা জিতলে খেলাটির জন্যই ভালো হবে। তাদের বোলিং আক্রমণে বৈচিত্র্য আছে, উইকেট নেওয়ার মতো বোলার আছে। আছে ড্যানিয়েল ভেট্টোরি, যে ১৯৯৯ সাল থেকে একটুও বদলায়নি। কোচ হয়েছে, এ বিশ্বকাপেও ফিরে এসেছে। ওজন কমিয়েছে, কোয়ার্টার ফাইনালে এক হাতে ধরা ক্যাচটি অনেক দিনই মনে রাখতে হবে। সঙ্গে থাকবে টিম সাউদির দক্ষতা আর ট্রেন্ট বোল্টের আঘাত হানার ক্ষমতা।
অস্ট্রেলিয়ার প্রায় প্রতিবারই ফাইনালে ওঠার পেছনে অবদান তাদের প্রথম শ্রেণির কাঠামোর। তারা স্কুলগুলোয় টাকা খরচ করে, পদ্ধতিটা উপযুক্ত। বিগ ব্যাশ লিগের সাফল্যই প্রমাণ করে, ক্রিকেট এখানে ঠিকঠাকই চলছে।
অস্ট্রেলিয়ার এক মেয়েকে বিয়ে করায় তাদেরই সমর্থন করতে হবে আমাকে। প্রতি রাতে সোফায় ঘুমানোর ঝুঁকি কে নেবে!
তবে সত্যি বলতে কি, গত বিশ্বকাপে হারার পর আর গিলক্রিস্ট, পন্টিং, ওয়ার্নের মতো তারকাদের চলে যাওয়ার পর তাদের কঠিন সময়ের ভেতর দিয়ে যেতে হয়েছে। তবে এখন অনেক বোলার আছে, যারা ঘণ্টায় ১৪৫ কিলোমিটারের ওপরে বল করতে পারে। ব্যাটিংও শক্তিশালী।
আমি এমসিজিতে দুটি ফাইনাল খেলেছি। ১৯৮৫ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপ আর ১৯৯২ সালের বিশ্বকাপ। যে কারও জন্য এটি ক্যারিয়ারের সবচেয়ে বড় মুহূর্ত। কিশোর বয়সে আপনি শুধু এমন ম্যাচে খেলার স্বপ্নই দেখতে পারেন। আমি দুই দলকেই নিজেদের ওপর বিশ্বাস রাখতে বলব। উপভোগ করতে বলব। নির্ভার থাকতে বলব।
৯৫ হাজার দর্শকের সামনে খেলাটা সহজ নয়। বালক আর যুবকের পার্থক্যটা এসব ম্যাচ দিয়েই বোঝা যায়। আমার মনে আছে, ১৯৯২ সালের ফাইনালের আগে আমি ঘুমোতে পারিনি। ইমরান ভাই তখন আমাকে ডেকে বললেন, এত ভাবার দরকার নেই। টেলিভিশন দেখো, মাঠে যাও আনন্দ করতে। যখন তুমি আনন্দ পাবে, সব সময়ই তুমি সেরাটাই দেবে। (টিসিএম)