অস্ট্রেলিয়ার বিপক্ষেও ভালো কিছুর অপেক্ষায় মাশরাফি

বিশ্বকাপে যাওয়ার আগে মাশরাফি বিন মুর্তজা বলে গিয়েছিলেন, শুরুতেই বাজিমাত করতে চান। মাশরাফিরা কথা রেখেছেন, আফগানিস্তানের বিপক্ষে অনায়াস জয় দিয়েই বাংলাদেশ শুরু করেছে বিশ্বকাপ অভিযান। শুরুটা দুর্দান্ত হলো বলেই কিনা, ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দেখা মিলল ফুরফুরে মাশরাফিকে। কিছুদিন ধরে আফগান-জুজু, শঙ্কার জাল ছিঁড়ে এমন প্রত্যয়দীপ্ত সূচনা—মাশরাফিকে তো নির্ভার লাগবেই! এখন বাংলাদেশ অধিনায়কের চোখ পরের ম্যাচে।
এমনিতে বহুদিন ধরেই বাংলাদেশের ক্রিকেট দলের সাফল্যের সহজ ব্যবস্থাপত্র, ‘মাশরাফির ওপেনিং স্পেলটা ভালো হতে হবে!’ দুরন্ত মাশরাফি উড়ছেন, পুরো বাংলাদেশ দল উজ্জীবিত হয়ে চেপে ধরেছে প্রতিপক্ষকে—সাফল্যমণ্ডিত একেকটি জয়ের খুব চেনা দৃশ্য যেন এটি। জয়ের এই সহজ রেসিপিকে অবশ্য মানতে চাইলেন না মাশরাফি, ‘রুবেল, তাসকিন কিংবা আমি—যেই হই না কেন, শুরুতেই ভালো করতে হবে এমন কোনো কথা নেই। বোলিংটা আসলে পার্টনারশিপের মতো। যদি দুই প্রান্ত থেকেই আমরা দুজন ভালো বোলিং করতে পারি এবং চাপে ফেলতে পারি, তবে উইকেট আসতে বাধ্য।’
সেটাই আজ করেছেন মাশরাফি-রুবেল। ওপেনিং স্পেলেই চূর্ণবিচূর্ণ করে দিয়েছেন আফগানদের। এরপর দারুণ লাইন-লেন্থে বোলিং করে প্রশংসা কুড়িয়েছেন তাসকিনও। দলের দুই পেসযোদ্ধাকে নিয়ে তাই মাশরাফির কণ্ঠে প্রশংসা, ‘রুবেল, তাসকিন দুজনেই ১৪০ কিলোমিটার বেগে নিয়মিত বল করতে পারে। তারা যদি ঠিক জায়গায় বল ফেলে যেতে পারে, তাহলে এর ফল আসবেই। আজ সেটি ঠিকঠাকভাবে হয়েছে, আশা করছি বিশ্বকাপজুড়েই তারা পারবে।’
বোলিংয়ে মাশরাফিরা পুরো নাম্বার পেলেও ব্যাটিং নিয়ে কিছুটা দুশ্চিন্তা রয়েই গেছে। মুশফিক-সাকিবরা হাল না ধরলে আজ ম্যাচ–পরবর্তী চিত্রপট অন্য রকম হতে পারত! দলের ব্যাটিং অর্ডার এদিন লম্বা থাকায় সাকিব-মুশফিকরা নেমে ব্যাটিং-বিপর্যয় সামাল দিতে পেরেছেন। এদিন আটজন ব্যাটসম্যান নিয়ে খেলতে নেমেছিল বাংলাদেশ। আটজন কেন—এমন প্রশ্নের জবাবে মাশরাফির উত্তর, ‘প্রথম প্রস্তুতি ম্যাচে আমরা খুব বেশি একটা রান পাইনি। তাই আমরা একজন অতিরিক্ত ব্যাটসম্যান খেলাতে চেয়েছি, যে কিনা বোলিংও করতে জানে। আমাদের সৌম্য ছিল, তাই এই সিদ্ধান্ত।’
বাংলাদেশ দলের পরের ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে, গ্যাবায়। বিশ্বের অন্যতম দ্রুতগতির এই পিচে কখনোই খেলেনি বাংলাদেশ। জনসনদের গতিময় বোলিং লাইনআপের সামনে বাংলাদেশের ব্যাটসম্যানরা কেমন প্রতিরোধ গড়ে তুলবে, তা সময়ই বলে দেবে। গ্যাবার দ্রুত উইকেট নিয়ে মাশরাফি বললেন, ‘আপনি যদি দ্রুত ও ঠিক জায়গায় বল করতে পারেন, তাহলে এ পিচ ভীষণ কার্যকর। আর আপনি দ্রুত গতিতে করলেন কিন্তু ঠিক জায়গায় বল ফেলতে পারলেন না, তাহলে এটা কোনো কাজে দেবে না। আমাদের দুজন বোলার আছে, যারা ১৪৫ কিলোমিটার বেগে বল করতে পারে। যদি তারা ঠিক জায়গায় বল করতে পারে, তাহলে ব্যাটসম্যান যে–ই হোক না কেন, ব্যাপার নয়।’ নিজেদের বোলিং শক্তি নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী মাশরাফি, ‘কার বিপক্ষে খেলছি, সেটা বড় কথা নয়। আজ আমাদের বোলিং বিভাগ যেমন সাফল্য দেখিয়েছে, ঠিক এমনটাই করব পরের ম্যাচেও।’
এমন ভয়ডরহীন বাংলাদেশ দলই তো চাই!