অস্ট্রেলিয়ার বৃষ্টি-ভয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধিনায়কদের মাথায় এমনিতেই অনেক ভাবনা, অনেক পরিকল্পনা ঘুরপাক খেতে থাকে সব সময়। কদিন ধরে মাইকেল ক্লার্কের ভাবনা যেন আরও বেশি। গ্রুপ পর্বের শেষ ম্যাচ স্কটল্যান্ডের বিপক্ষে। নকআউটের বাঁচা-মরার লড়াইয়ের আগে একটু পরীক্ষা-নিরীক্ষা, নিজেদের আরেকটু ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগ। প্রথম ম্যাচের পর রান পাননি অ্যারন ফিঞ্চ। ক্লার্কের নিজের ব্যাটিং অনুশীলন প্রয়োজন, উইকেটে সময় কাটানো প্রয়োজন ওয়াটসন-ফকনারের। ভেবে রেখেছেন স্কটল্যান্ড ম্যাচে ব্যাটিং অর্ডার খানিকটা উল্টে-পাল্টে দেবেন। জনসনকেও ধারালো হতে হবে আরেকটু। ছন্দ খুঁজবেন প্যাট কামিন্স। এত এত পরিকল্পনা এই একটি ম্যাচ নিয়ে। কিন্তু সব ছাপিয়ে অস্ট্রেলিয়ান অধিনায়কের কপালে চিন্তার ভাঁজ, খেলাটা হবে তো!
বিশ্বকাপে এবার অস্ট্রেলিয়ার বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে স্বদেশের আবহাওয়া। ব্রিসবেনে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি ভেসে গেল বৃষ্টিতে। আজ হোবার্টে স্কটল্যান্ড ম্যাচও একই শঙ্কায়। আবহাওয়ার পূর্বাভাস বলছে, বৃষ্টির সম্ভাবনা শতকরা ৬০-৭০ ভাগ। সেটিও আবার বিকেল ও সন্ধ্যায়। ক্লার্কের দুর্ভাবনার কারণ তো আছেই!
কোয়ার্টার ফাইনালে ওঠা নিয়ে শঙ্কা নেই, সেটি নিশ্চিত আগেই। শঙ্কা কোয়ার্টার ফাইনালের সম্ভাব্য প্রতিপক্ষ আর টুর্নামেন্টে নিজেদের ভবিষ্যৎ পথচলা নিয়ে। খেলা না হলে ১ পয়েন্ট পেয়ে শ্রীলঙ্কার সমান ৮ পয়েন্ট হবে অস্ট্রেলিয়ার। রানরেটও বেশি। কিন্তু নিয়ম অনুযায়ী রানরেটের আগে দেখা হবে কোন দল বেশি ম্যাচ জিতেছে। শ্রীলঙ্কার জয় ৪টি, অস্ট্রেলিয়ার জয় থাকবে তখন ৩টি। তার মানে, কোয়ার্টার ফাইনালের সম্ভাব্য প্রতিপক্ষ তখন দক্ষিণ আফ্রিকা। শুধু এটিই নয়, দক্ষিণ আফ্রিকা বাধা পেরোলেও সেমিফাইনালে সামনে আসতে পারে নিউজিল্যান্ড, যেটি খেলতে যেতে হবে অকল্যান্ডে। সব মিলিয়ে আপাতগুরুত্বহীন স্কটল্যান্ড ম্যাচ এখন অস্ট্রেলিয়ানদের মাথাব্যথার কারণ। বৃষ্টি-শঙ্কায় পরীক্ষা-নিরীক্ষার ভাবনাও শিকেয় উঠেছে। ক্লার্ক বলছেন, ‘অন্তত পয়েন্ট দুটি পেলে হয়!’
খেলা হলে স্কটিশরা হয়তো খুব একটা পাত্তা পাবে না। তবু ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়া তাদেরও চাওয়া। আজই বিশ্বকাপে স্কটল্যান্ডের শেষ ম্যাচ। শুধু এবার নয়, হয়তো অনেক অনেক বছরের জন্য! আগামী টুর্নামেন্ট ১০ দলের। স্কটিশরা নিজেরাও হয়তো বিশ্বকাপ-স্বপ্ন দেখার সাহস পাবে না। বিশ্বমঞ্চে, অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে খেলার অভিজ্ঞতা হয়তো এই দলের সবার জন্যই হবে শেষবার!
দুদলের প্রার্থনায় কি সদয় হবে প্রকৃতি? ক্রিকইনফো, এএফপি, রয়টার্স।