অস্ট্রেলিয়ার সামনে নতুন ইংল্যান্ড
বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায়ের পর রানার্সআপ নিউজিল্যান্ডকে ঘরের মাঠে হারিয়ে দারুণভাবেই ফিরে এসেছে ইংল্যান্ড। অ্যাশেজ সাফল্যের পর চ্যালেঞ্জটা এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজেও। ইংলিশদের জন্য যেখানে মঞ্চটা টেস্টের সাফল্য ওয়ানডেতে ধরে রাখার, অস্ট্রেলিয়ার জন্য সেখানে নতুন যুগের সূচনা করার। বিশ্বকাপজয়ী অধিনায়ক মাইকেল ক্লার্কের বিদায়ের পর স্টিভেন স্মিথের অস্ট্রেলিয়ার জন্য যে এটা নতুন ভোর।
পাঁচ ম্যাচের অ্যাশেজে সিরিজ সেরা হওয়ার পরও বিশ্রামে জো রুট। অ্যাশেজজয়ী দলের মাত্র পাঁচজনই আছেন দলে। অভিষেকের অপেক্ষায় থাকা বাঁহাতি পেসার রিস টপলি সুযোগ পেয়েছেন টি-টোয়েন্টি দলে। স্টিভেন স্মিথের অস্ট্রেলিয়া এমন এক ইংল্যান্ডকে পাচ্ছে, যার খোলনলচেই বদলে দিয়েছেন নির্বাচকেরা। দলে তারুণ্যের আবাহনের পেছনে যুক্তি আছে নির্বাচক জেমস হুইটেকারের, ‘আগামী তিন সপ্তাহে মূল্যবান অভিজ্ঞতা হবে আমাদের তরুণ খেলোয়াড়দের। পরবর্তী চার বছর ওয়ানডেতে যাঁরা আমাদের এগিয়ে নিয়ে যেতে পারবে, এমন খেলোয়াড়দেরও আমাদের খুঁজে নিতে হবে।’ এএফপি, রয়টার্স।
এমনিতে এই সিরিজে অস্ট্রেলিয়ার অবিসংবাদিত ফেবারিট হয়েই থাকার কথা। কিন্তু সাম্প্রতিক সাফল্য অন্য রকম আত্মবিশ্বাস দিচ্ছে ইংল্যান্ডকে, যেটি ফুটে বেরোল ইংলিশ পেসার লিয়াম প্লাঙ্কেটের কথায়, ‘ওদের বিশ্বকাপ জয়ের বেশি দিন হয়নি। ওরাই বিশ্বসেরা। কিন্তু আমরাও বিশ্বকাপ রানার্সআপ নিউজিল্যান্ডকে হারিয়েছি।’
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে কাল বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের পর এটাই হবে বিশ্ব চ্যাম্পিয়নদের প্রথম ওয়ানডে। ৩ সেপ্টেম্বর সাউদাম্পটনে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে পূর্ণাঙ্গ ওয়ানডে অধিনায়ক হিসেবে যাত্রা শুরু হবে স্টিভ স্মিথের। এর আগে ৩১ আগস্ট কার্ডিফে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটিতেও স্টিভ স্মিথই অধিনায়ক। সেটির কারণ অবশ্য নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চের চোট।