
বাংলাদেশ ১ম ইনিংস: ৩০৫
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ২২৫/২
আশ্চর্য সব ঘটনা ঘটছে চট্টগ্রামে!
ডেভিড ওয়ার্নার ১৭০ বলের ইনিংসে চার মেরেছেন মাত্র ৪টি! দ্বিতীয় ও তৃতীয়টির মধ্যে আবার ৭৪ বলের ব্যবধান! এই বাঁহাতি ওপেনার উইকেটে থাকাকালীন এমন শান্তিপূর্ণ পরিবেশ আগে কখনো বিরাজ করেনি।
এটা যদি আশ্চর্য নম্বর এক হয়, আশ্চর্য নম্বর দু্ই হলো, নিরাপত্তা নিয়ে এত হইহই-রইরইয়ের মধ্যে অস্ট্রেলিয়ার টিম বাসে ঢিল পড়া।
তিন নম্বরে বললেও সবচেয়ে বেশি আশ্চর্যজনক বোধ হয় এটাই যে আবহাওয়ার পূর্বাভাসকে ভুল প্রমাণ করে টেস্টের প্রথম দুই দিন এক ফোঁটা বৃষ্টিও পড়েনি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
এত ‘আশ্চর্য আশ্চর্য’ শুনে অস্ট্রেলিয়ার টেস্টের লাগাম হাতে তুলে নেওয়াটাকে আবার আশ্চর্য বলে ফেলবেন না যেন! প্রথম দিনে বাংলাদেশের ওই ব্যাটিংয়ের পর এটা অবশ্যম্ভাবীই ছিল। সেদিনই তো পরিষ্কার হয়ে গেছে, এটা বড় রানের উইকেট। স্মিথ-ওয়ার্নারদের জন্য আনন্দদায়ী বিস্ময় হয়ে আসা যে উইকেট অস্থির অস্ট্রেলিয়া শিবিরে বইয়ে২ দিয়েছে স্বস্তির হাওয়া। হাসি ফিরেছে কোচ ড্যারেন লেম্যানের মুখে, আরে ভাই, এটা হলো সত্যিকার উপমহাদেশীয় উইকেট। মিরপুরটা কেন যে অমন বিতিকিচ্ছি ছিল!
তা অতিথিপরায়ণ হয়ে অস্ট্রেলিয়াকে এই স্বস্তিটা কেন দিতে গেল বাংলাদেশ? মুশফিকুর রহিমের কথায় বোঝা গেল, অতিথিদের জন্য এই রেসিপিতে রান্নার পরিকল্পনা ছিল না।
চট্টগ্রামে আরেকটি ‘মিরপুর’ বানানো যায়নি টেস্টের আগের কয়েক দিন টানা বৃষ্টির কারণে। উইকেট নিয়ে কিউরেটর কাজ করবেন কি, কাভারই তো তোলা যায়নি। না, বাংলাদেশ দল এমন উইকেট চায়নি।
প্রচণ্ড গরমে দুই সেশনের বেশি কিপিং করেছেন। হোটেলে ফিরেই মুশফিক তাই সুইমিং পুলে নেমে গেলেন। টেস্টের প্রথম দুই দিনের নানা ছবি খেলা করছে মাথায়। এখনো অনেক খেলা বাকি। অস্ট্রেলিয়া এখনো ৮০ রানে পিছিয়ে। তারপরও মেনে নিচ্ছেন, রানে এগিয়ে থাকলেও এই টেস্টের বাকি তিন দিন অস্ট্রেলিয়ার পিছু ধাওয়া করাটা নিয়তি-নির্ধারিত হয়ে গেছে। আগামী দুই দিনের খেলার একটা ছকও এঁকে নিয়েছেন মাথায়। যেটির মূল কথা দুটি—
এক. আজ অস্ট্রেলিয়াকে কোনোভাবেই ১৫০ রানের বেশি করতে না দেওয়া, যাতে ওদের লিডটা ৭০ রানের বেশি না হয়।
দুই. দ্বিতীয় ইনিংসে কমপক্ষে চার সেশন ব্যাটিং করা।
মুশফিকের ছকমতোই যে সব ঘটবে, এমন তো কথা নেই। ছক কি স্টিভ স্মিথও আঁকছেন না! মুশফিকের চাওয়া যদি পূরণও হয়, এই টেস্টে বড়জোর ড্র-ই আশা করতে পারেন। তা হলেই বা মন্দ কি! ধবলধোলাইয়ের চিন্তা বাদ দিয়ে বাংলাদেশ তো এখন সিরিজ জিততে পারলেই খুশি।
মুশফিকের জন্য কালকের দিনটা ভালো-মন্দে মেশানো। মন্দের ভাগটাই বেশি। ‘প্রথম ইনিংসে রানটা খুব কম হয়ে গেছে। ৩৫০-৪০০ করা উচিত ছিল’—এটা বলার সময় নিজেকেও হয়তো দাঁড় করাচ্ছেন কাঠগড়ায়। প্রথম দিন যা হওয়ার তো হয়েছেই, কাল ৩৫০-৪০০ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য তাঁর দিকেই তাকিয়ে ছিল দল। কিন্তু আগের দিনের ৬২ রানের সঙ্গে যোগ করতে পারলেন মাত্র ৬ রান। দ্বিতীয় বলেই লায়নের আরেকটি উইকেট। উইকেট নম্বর ছয়। পরে তাইজুলকে ফিরিয়ে বাংলাদেশের ইনিংসও লায়নের হাতেই শেষ। এ বছর তৃতীয়বারের মতো উপমহাদেশে ৭ বা এর বেশি উইকেট। ইনিংসে ৫ উইকেট এ নিয়ে চারবার। উপমহাদেশে অস্ট্রেলিয়ার পরের সফরটা কবে, তা জানতে লায়ন নিশ্চয়ই এফটিপি ঘাঁটতে শুরু করেছেন।
মুশফিকের ভালো-মন্দে মেশানো দিনের কথা বলছিলাম। সকালে ব্যাটিংটা মন্দ গেল। পরে কিপিংয়ে ভালোর পর মন্দ। উড়ন্ত পাখি হয়ে যে ক্যাচটিতে রেনশকে ফেরালেন, সেটি তাঁর ক্যারিয়ারের সেরা দু-তিনটি ক্যাচের মধ্যে থাকবে। সবচেয়ে দর্শনীয় বললে হয়তো এটির কোনো প্রতিদ্বন্দ্বীই নেই।
দিন শেষে সেটিকে ছাপিয়ে অবশ্য বড় হয়ে গেল ওয়ার্নারকে স্টাম্পিং করার অমন সুযোগটা নষ্ট করা। মিরাজের বলটা একটু নিচু হয়ে গিয়েছিল, ক্রিজ থেকে অনেকটা বেরিয়ে যাওয়া ওয়ার্নারকে ফাঁকি দিয়ে সেটি এসে লাগল মুশফিকের প্যাডে। উঠে দাঁড়ানোটা কি একটু আগেই হয়ে গিয়েছিল?
ওয়ার্নারের আগের ‘জীবন’টা শর্ট লেগে মুমিনুলের এই ভুলেই। ওয়ার্নার তখন ৫২ রানে, পরেরবার রান ৭৩। ওয়ার্নারের মতো ব্যাটসম্যান দু-দুবার এভাবে বেঁচে যাওয়ার ফল প্রলয়ংকরী হওয়ার সমূহ সম্ভাবনা (‘আশঙ্কা’ লেখাই কি ভালো?)। তৃতীয় দিনে দলের চাহিদাটাও ওয়ার্নারের সহজাত ব্যাটিংয়ের সঙ্গে মিলে যাচ্ছে। অস্ট্রেলিয়া আজ শুধু রানই করতে চাইবে না, তা দ্রুত করতে চাইবে। এ জন্য ওয়ার্নারের চেয়ে ভালো আর কে আছেন!
কাল যে ওয়ার্নারকে দেখেছেন, সেটি তো তাঁর ছদ্মবেশী রূপ! মিরপুরের ওই কঠিন উইকেটেও যাঁর সেঞ্চুরি করতে ১২১ বলের বেশি লাগেনি, এমন ব্যাটিং উইকেটেও তাঁর অপরাজিত ৮৮ কিনা ১৭০ বলে! কেন নিজেকে এমন সংযমের শিকলে বাঁধা? কারণ হয়তো একটাই, এই টেস্টটাকে ওয়ার্নার নিয়েছেন জীবন-মরণ লড়াই হিসেবে! বোর্ডের সঙ্গে টাকাপয়সা নিয়ে বিরোধে ক্রিকেটারদের মধ্যে তিনিই ছিলেন সবচেয়ে বেশি মুখর। প্রথম টেস্টে হারার পর অস্ট্রেলীয় সংবাদমাধ্যমের তির তাই তাঁর গায়েই বেশি বিঁধেছে। অমন দুর্দান্ত একটা সেঞ্চুরিতেও ‘ক্ষমা’ মেলেনি। অস্ট্রেলিয়ার মান বাঁচানোর টেস্টে তাই নিজের কাঁধেই যেন তুলে নিয়েছেন সব দায়িত্ব। সকালে দারুণ ফিল্ডিংয়ে মিরাজকে রান আউট করেছেন, এরপরই ওই ব্যাটিং। উপমহাদেশে এই প্রথম টানা দুই ইনিংসে পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস।
ওয়ার্নার-স্মিথের জুটিটা বড় কিছুর হুমকি দিচ্ছিল। সোজা একটা বলে স্মিথকে বোল্ড করে ৯৩ রানের জুটিটা ভেঙেছেন তাইজুল। সেই স্বস্তি মিলিয়ে গেছে হ্যান্ডসকম্বের সঙ্গে ওয়ার্নারের অপরাজিত ১২৭ রানের জুটিতে। ওয়ার্নার তাও দুটি সুযোগ দিয়েছেন। হ্যান্ডসকম্বকে সমস্যায় ফেলতে পারেননি বাংলাদেশের কোনো বোলারই। যে ‘বোলার’কে খেলতে তাঁর জান বেরিয়ে যাওয়ার দশা, সেটি হলো গরম। যেটির দাপটে খেলা থামিয়ে মাঠে বরফ-চিকিৎসাও নিতে হয়েছে হ্যান্ডসকম্বকে।
আজও কি এমনই গনগনে আগুন হয়ে জ্বলবে সূর্য? আবহাওয়ার পূর্বাভাস তো বলছে...থাক, এটি লিখে বিপদে পড়ার কী দরকার!