ভারতের বিপক্ষে 'বদলা'র প্রস্তুতি অস্ট্রেলিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের বিপক্ষে বদলা নিতে চায় অস্ট্রেলিয়া, জানালেন ওয়াটসন। ছবি: ক্রিকইনফো
ভারতের বিপক্ষে বদলা নিতে চায় অস্ট্রেলিয়া, জানালেন ওয়াটসন। ছবি: ক্রিকইনফো

* ২০১১-১২ মৌসুমে অস্ট্রেলিয়ায় ৪-০ ব্যবধানে ধবলধোলাই ভারত।
* ২০১৩ সালে ভারতে এসে ৪-০ ব্যবধানে ধবলধোলাই অস্ট্রেলিয়া।
সর্বশেষ দুটি টেস্ট সিরিজে দুই দলের হিসাব বরাবর। এবার কী হবে? সিরিজের প্রথম ম্যাচ অ্যাডিলেডে, ৯ ডিসেম্বর। সম্প্রতি বিরাট এক ঝড় গেল অস্ট্রেলিয়া দলের ওপর দিয়ে। ফিলিপ হিউজকে হারিয়ে শোকে মুহ্যমান মাইকেল ক্লার্কের দল। কিন্তু শোক মানেই ভেঙে পড়া নয়। বরং শোককে শক্তি বানিয়ে প্রতিপক্ষের ওপর নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়ার উদাহরণ ইতিহাসের পাতায় বহু আছে। শেন ওয়াটসন তাই বললেন, গত বছর ভারতে গিয়ে ৪-০ হারের বদলা তুলতে মরিয়া অস্ট্রেলিয়া!
৩৩ বছর বয়সী এ অলরাউন্ডার বললেন, ‘আমরা যখন আগ্রাসী হই, তখনই ভালো খেলি। অস্ট্রেলিয়া দলে যত দিন ধরে খেলছি, তত দিন এটাই দেখছি। ব্যাটে-বলে আমরা আক্রমণাত্মক; বিশেষ করে বলে বেশি। গত অ্যাশেজে সেটা আমরা দেখিয়েছিলাম। আমাদের খুব ভালো অবস্থায় আছি বলে এ আগ্রাসীভাবে কোনো পরিবর্তন হবে না।’
ভারতে এসে ধবলধোলাইয়ের সে দগদগে ক্ষতটা ভোলেননি ওয়াটসন। বললেন, ‘জানি ভারতের বিপক্ষে ভালো করতেই হবে। নিজেদের কন্ডিশনে আমাদের নাকাল করে ছেড়েছিল তারা। আমাদের কন্ডিশনে সেই জ্বালা ফিরিয়ে দেওয়ার সুযোগ এসেছে। আমাদের ভালো শুরু করাটা নিশ্চিত করতে হবে এবং সেটা ধরে রাখতে হবে। যাতে ভারতে আমরা যে যন্ত্রণা ভোগ করেছি, সেটা ফিরিয়ে দিতে পারি।’
পরিসংখ্যান অবশ্য এগিয়ে রাখছে ক্লার্কের দলকেই। ১০ বার অস্ট্রেলিয়া সফরে গিয়ে কখনোই সিরিজ জিততে পারেনি ভারত। সাফল্য কেবল তিনবার সিরিজ ড্র করে ফেরা। সর্বশেষ ২০০৩-০৪ মৌসুমে সিরিজ ড্র করেছে ভারত। এর পরের দুটোতে আবার হার।
দুই দল মুখোমুখি হয়েছে মোট ৮৬ বার। এর মধ্যে অস্ট্রেলিয়া জিতেছে ৩৮ টেস্ট, ভারত ২৪টি। ড্র ২৩, টাই ১টি। পিটিআই, রয়টার্স।