অস্ট্রেলিয়া অতিস্পর্শকাতর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপত্তার কারণে বাংলাদেশ সফর স্থগিত করে সমালোচনার মুখে পড়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এটিকে অস্ট্রেলিয়ার ‘অতিরিক্ত স্পর্শকাতর’ আচরণ বলেই মনে করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান শাহরিয়ার খান। গত পরশু বিবিসির এক প্রতিবেদনে এমনটিই বলা হয়েছে।
অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রতিনিধিদল বাংলাদেশ সফর করার সময় ঢাকায় সন্ত্রাসী হামলায় একজন ইতালীয় নাগরিক নিহত হন। তবে এ ঘটনায় অস্ট্রেলিয়ার সফর স্থগিত করাটা ঠিক হয়নি বলে মনে করেন শাহরিয়ার, ‘একজন ইতালীয়কে মারা হলো আর সফর স্থগিত হয়ে গেল! আরে, আমাদের এখানে (পাকিস্তান) তো ৫০ হাজার মানুষ মারা গেছে।’ পাকিস্তানে ২০০৩ সাল থেকে সন্ত্রাসের বলি হয়ে প্রাণ হারানো মানুষদের সংখ্যাটাই মনে করিয়ে দিয়েছেন শাহরিয়ার। অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর স্থগিত করার বিষয়টিকে তাই একটু বাড়াবাড়ি বলেই মনে করেন পিসিবিপ্রধান, ‘অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো কিছু দেশ হয়তো অতি স্পর্শকাতর।’
২০০৯ সালে সফরকারী শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ ছিল প্রায় ৬ বছর। গত মে মাসে প্রথম টেস্ট খেলুড়ে দেশ হিসেবে পাকিস্তান সফর করে জিম্বাবুয়ে। তবে ভবিষ্যতে অন্য টেস্ট খেলুড়ে দেশগুলো জিম্বাবুয়েকে অনুসরণ করবে কি না, সেটি নিয়ে সংশয় আছে এখনো। যদিও শাহরিয়ার খান মনে করেন, ‘সন্ত্রাসবাদ থেকে কিছুটা উদ্বেগ থাকতেই পারে। কিন্তু তারপরও বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তানের ওপর আস্থা রাখতে হবে; কারণ আমরা সবাইকে শতভাগ সুরক্ষা দি-ই।’ বিবিসি।