অস্ট্রেলিয়া অনেক এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়াসিম আকরাম
ওয়াসিম আকরাম

আগের লেখায় যা বলেছিলাম, তিন মাসের স্বস্তির জায়গা থেকে বেরিয়ে নিউজিল্যান্ডকে বড় পরীক্ষা দিতে হবে। বিশ্বের সবচেয়ে বড় মাঠ এমসিজিতে খেলতে হয়েছে তাদের। খুব ভালো ব্যাটিং উইকেটই ছিল। কিন্তু তারা আসল সময়ে চাপের মুখে ভেঙে পড়েছে।
কেন অস্ট্রেলিয়া এত ভালো? তাদের দুর্দান্ত একটা প্রথম শ্রেণির কাঠামো আছে। সবকিছুই তারা পরিকল্পনামতো করে। তরুণ কোনো প্রতিভাকে খুঁজে পেলে দীর্ঘদিন ধরে যত্ন নেয় যাতে এক বা দুই বছর নয়, অন্তত ১০ বছর তারা খেলতে পারে। এ জন্যই তারা এত ধারাবাহিক। তারা জানে কীভাবে লম্বা সংস্করণের ক্রিকেট খেলতে হয়।
অস্ট্রেলিয়া পাঁচবার বিশ্বকাপ জিতেছে, এটা ছেলেখেলা নয়। মানসিক ও শারীরিকভাবে তারা খুবই শক্ত। প্রতি বিশ্বকাপেই তারা নতুন কাউকে বের করে আনে। ১৯৮৭ সালে অ্যালান বোর্ডার যেমন ক্রেইগ ম্যাকডারমটকে নিয়ে এসেছিলেন। সেই ম্যাকডারমট এখন অস্ট্রেলিয়ার বোলিং কোচ। এ জন্যই ক্রিকেট-বিশ্বের কাছে আমার অনুরোধ, যারা নিজেরা খেলেছে তাদের যেন কোচ করা হয়। আমি প্রযুক্তির বিপক্ষে নই, কিন্তু ক্রিকেট কম্পিউটারে খেলা হয় না।
ভারতের সঙ্গে টেস্ট সিরিজেই দেখা গেছে অস্ট্রেলিয়ার শক্তি। ব্যাটিংয়ে গভীরতা আছে, আছে উইকেট নেওয়ার মতো বৈচিত্র্যময় সব বোলার। জনসনের মতো ব্যাটসম্যান ব্যাট করে নয়ে। ভারতের সঙ্গে সে বড় একটা ব্যবধান গড়েছে ৯ বলে ২৭ রান করে। ফিল্ডিংটাও দুর্দান্ত। ফিঞ্চ-ওয়ার্নারদের মতো ব্যাটসম্যান আছে। স্মিথ টানা পাঁচটি ফিফটি করেছে, মাইকেল ক্লার্ক দারুণ একটা ক্যারিয়ারের রূপকথার সমাপ্তি দিয়েছে।
অন্যদের সঙ্গে অস্ট্রেলিয়ার ব্যবধানটা অনেক বড় মনে হচ্ছে। পন্টিং, ওয়ার্ন, সাইমন্ডস, মার্টিন, গিলক্রিস্টদের বিদায়ের পর বছর দুয়েক তারা একটু ভুগেছে। তারা ওই সময় অনেক কিছু চেষ্টা করে দেখেছে। তবে ক্লার্ক ও তার দল সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে। দুটি যুগের তুলনা হয় না, তবে এই দলের অনেক দূর যাওয়ার সামর্থ্য আছে। (টিসিএম)।