অস্ট্রেলিয়া? উইন্ডিজ দেখাচ্ছে ওরাই ফেবারিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়েস্ট ইন্ডিয়ান পেসারদের সামনে নতজানু অস্ট্রেলিয়া। ছবি: এএফপি
ওয়েস্ট ইন্ডিয়ান পেসারদের সামনে নতজানু অস্ট্রেলিয়া। ছবি: এএফপি

খেলোয়াড়ি জীবনেই ভবিষ্যদ্বাণী করে সাফল্য দেখিয়েছেন শেন ওয়ার্ন। খেলা ছাড়ার পরও দেখা যাচ্ছে ক্ষমতা কমেনি তাঁর। ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে ফেবারিটদের দলে সবাই যেখানে ইংল্যান্ড, ভারত ও অস্ট্রেলিয়ার সঙ্গে দক্ষিণ আফ্রিকার নাম নিচ্ছিল, সেখানে ওয়ার্নের পছন্দ হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। ওয়ার্নের অম্লমধুর স্বাদ দিচ্ছে উইন্ডিজরা। ফেবারিটদের মতোই খেলছে তারা, তবে তাদের আজকের শিকার ওয়ার্নের দল অস্ট্রেলিয়া।

ম্যাচের আগে দুই দল ঠিক কথার লড়াইয়ে না নামলেও কথা চালাচালি খারাপ হয়নি। তাতেই পেস দিয়ে প্রতিপক্ষকে ভড়কে দেওয়ার ইচ্ছে জানিয়েছে তারা। তাতে আপাতত ওয়েস্ট ইন্ডিজ সফল। পেস ও বাউন্সের সঙ্গে অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের ভুল সিদ্ধান্ত মিলিয়ে স্কোর বোর্ডটা বেশ দেখনদারি রূপ নিয়েছিল। ৮ ওভারের মধ্যে ৩৮ রান না তুলতেই ৪ উইকেট হারিয়ে বসেছিল অস্ট্রেলিয়া।

প্রথম বলটাই ওয়াইড করেছিলেন ওশান। সেটা শাই হোপের ঝাঁপিয়ে পড়া শরীরকেও হারিয়ে দিয়ে বাউন্ডারি পার হয়ে গেল। কোনো বল হওয়ার আগেই ৫ রান। শুরু যে সব সময় সঠিক ইঙ্গিত দেয় না, তার প্রমাণ ওশান টমাস দিলেন পরের ওভারেই। দারুণ এক আউট সুইঙ্গারে অস্ট্রেলিয়ান অধিনায়ক (৬) ফিরলেন হোপের কাছে ক্যাচ দিয়ে।

পরের ওভারে ওয়ার্নারও (৩) ফিঞ্চের পথ ধরলেন। ব্যাক ওয়ার্ড পয়েন্টে হেটমায়ারকে ক্যাচ অনুশীলন করিয়ে আসলেন। প্রথম বদলি বোলার হিসেবে রাসেল এলেন সপ্তম ওভারে। ওভারের শেষ বলে রাসেলের মুখেও একরাশ হাসি। তাঁর অনেক বাইরের এক বল স্লাইস করেছিলেন খাজা (১৩), সেটা উড়ে যাচ্ছিল স্লিপের দিকে। কিন্তু হোপ ঝাঁপিয়ে পড়ে সেটা নিজের দখলে নিয়ে এলেন।

৩৬ রানে ৩ উইকেট পড়া এক দলের ব্যাটসম্যান হিসেবে যা করা উচিত নয়, সেটাই করলেন গ্লেন ম্যাক্সওয়েল। পরের ওভারেই নিজের দ্বিতীয় বলে কটরেলকে হুক করতে গিয়ে হোপের তৃতীয় ক্যাচের শিকার হলেন তিনি।

স্টিভ স্মিথ ও মার্কাস স্টয়নিস ইনিংস মেরামতে নেমেছিলেন। কিন্তু ৪১ রান যোগ করার পর স্টয়নিসেরও ধৈর্যচ্যুতি হলো। হোল্ডারের বলে থামল ২৩ বলে ১৯ রানের ইনিংস।

অস্ট্রেলিয়াকে টানার সব দায়িত্ব এখন স্মিথের (২৩) কাঁধে। অ্যালেক্স ক্যারিকে নিয়ে পথ চলছেন খুঁড়িয়ে খুঁড়িয়ে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৯ ওভার শেষে ৫ উইকেটে ৮২ রান অস্ট্রেলিয়ার।