
এত দিনে সঙ্গী পেল বাংলাদেশ। অগৌরবের এক রেকর্ডে ১৪টি নিঃসঙ্গ বছর কাটানোর পর ওয়েস্ট ইন্ডিজকে পাশে পেল বাংলাদেশ। মেলবোর্ন টেস্টের প্রথম দিনে সেঞ্চুরি করেছিলেন জো বার্নস ও উসমান খাজা। দুই সতীর্থের দেখানো পথে হেঁটে কাল সেঞ্চুরি পেলেন স্টিভেন স্মিথ ও অ্যাডাম ভোজেসও। বাংলাদেশও সঙ্গী হিসেবে পেল ওয়েস্ট ইন্ডিজকে। টেস্টে এর আগে কোনো দলের প্রথম পাঁচ ব্যাটসম্যানের চারজন সেঞ্চুরি পেয়েছিলেন শুধু বাংলাদেশের বিপক্ষেই।
এই চার সেঞ্চুরিতেই রানের পাহাড়ে উঠেছে অস্ট্রেলিয়া। ৩ উইকেটে ৩৪৫ রান নিয়ে দিন শুরু করা অস্ট্রেলিয়া ইনিংস ঘোষণা করে ৫৫১ রানে, আর কোনো উইকেট না হারিয়েই। এরপর দেড় সেশনেই ৯১ রানে ৬ উইকেট তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে চাপা দেওয়ার প্রাথমিক কাজটা সেরে রেখেছেন অস্ট্রেলিয়ার বোলাররা।
সারা দিনে ওয়েস্ট ইন্ডিয়ান খেলোয়াড়েরা মাত্র একবারই অস্ট্রেলীয়দের কাছ থেকে দয়াদাক্ষিণ্য পেয়েছে। ঘটনাটা অস্ট্রেলিয়ার ইনিংসের শেষের দিকের। অ্যাডাম ভোজেসের শট ঠেকাতে গিয়ে কবজিতে প্রচণ্ড আঘাত পেয়েছিলেন রাজেন্দ্র চন্দ্রিকা। অস্ট্রেলিয়ার চিকিৎসক পিটার ব্রাকনার সে সময় বাড়িয়ে দেন সাহায্যের হাত।
এর আগে-পরে পুরোটাই ক্যারিবীয়দের নিগৃহীত হওয়ার ও অস্ট্রেলীয়দের রেকর্ডের পর রেকর্ডে নাম ওঠানোর গল্প। প্রথম দিনে দ্বিতীয় উইকেটে ২৫৮ রান যোগ করেছিলেন বার্নস-খাজা। কাল আগের দিন শুরু করা চতুর্থ উইকেটের জুটিটাকে ২২৩ রানে নিয়ে যাওয়ার পরই ইনিংস ঘোষণা করেন স্মিথ। এর আগেই বছরের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরিটা পেয়ে গেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। অপরাজিত ১৩৪ রানের ইনিংস খেলেই অ্যালিস্টার কুককে (১৩৫৭ রান) পেছনে ফেলে ২০১৫ সালে সবচেয়ে বেশি রানের মালিক হয়েছেন স্মিথ (১৪০৪)।
সেঞ্চুরি-উৎসবে অস্ট্রেলিয়ার চতুর্থ সেঞ্চুরিয়ান ভোজেস ১৮ ইনিংস খেলেই পেরিয়ে গেছেন ১ হাজার রানের মাইলফলক। ১ হাজার রান করায় ইনিংসের হিসাবে অস্ট্রেলীয়দের মধ্যে যৌথভাবে চতুর্থ দ্রুততম এ বছরই টেস্ট অভিষেক হওয়া এই ব্যাটসম্যান। টেস্ট অভিষেকের বছরে দ্বিতীয় সর্বোচ্চ ১০২৮ রানের মালিক ভোজেস অর্ধেক রানই করেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ৪ ইনিংসে মাত্র একবার আউট হয়ে ক্যারিবীয়দের বিরুদ্ধে ৫৪২ রান করেছেন ভোজেস।
ভোজেসদের জবাবে শুরুটা ভালোই করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ক্রেগ ব্রাফেট ও রাজেন্দ্র চন্দ্রিকা ১৫.১ ওভার ব্যাট করে ৩৫ রান তুলে ফেলেছিলেন। ১৫ রানের মধ্যে এই দুজনের বিদায়ের যা একটু প্রতিরোধ গড়েছেন ড্যারেন ব্রাভো ও জার্মেইন ব্ল্যাকউড। ব্ল্যাকউড সর্বোচ্চ ২৮ রান করে ফিরেছেন। তবে ধৈর্যের প্রতিমূর্তি হয়ে দিন শেষে টিকে ছিলেন ব্রাভো। ৭৫ বলে ১৩ রান তাঁর, মুখোমুখি হওয়া ৭৫ বলের ৬৭টিতেই কোনো রান নেননি ব্রাভো।
তবে ক্যারিবীয়রা তৃতীয় দিনটা পার করতে পারে কি না দেখার বিষয় সেটাই। তথ্যসূত্র: ক্রিকইনফো, স্টার স্পোর্টস।