অস্ট্রেলিয়া এখনো বিশ্বমানের, সতর্ক কোহলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে বিরাট কোহলি
সংবাদ সম্মেলনে বিরাট কোহলি
>

দলে নেই ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথের মতো ক্রিকেটার। ভারত কি তবে দুর্বল অস্ট্রেলিয়াকেই পাচ্ছে? ভারত অধিনায়ক বিরাট কোহলি মানতে রাজি নন সেটা। এই অস্ট্রেলিয়াকেও ‘বিশ্বমানের দল’ মনে করছেন তিনি।

বল টেম্পারিং বিতর্কে জড়িয়ে এক বছরের জন্য ক্রিকেট থেকে নির্বাসনে আছেন স্টিভ স্মিথ। একই সঙ্গে নির্বাসিত ডেভিড ওয়ার্নারের মতো ক্রিকেটার। দুজনই অস্ট্রেলিয়ার দুই ব্যাটিং স্তম্ভ। ভারত অস্ট্রেলিয়া সফরে গিয়ে খেলবে এই দুই তারকাহীন স্বাগতিকদের সঙ্গে। অনেকেই বলছেন, ভারত আগে কখনোই এমন দুর্বল অস্ট্রেলিয়া দলের সঙ্গে খেলেনি। অস্ট্রেলীয় ক্রিকেট দলের সাম্প্রতিক ফর্মও খুব ভালো নয়। ভারতীয় সমর্থকেরা তাই আশায় বুক বাঁধছেন, কোহলিরা এবার অস্ট্রেলিয়া সফর থেকে ফিরবেন সিরিজ জিতেই। তবে ভারত অধিনায়ক পুরো ব্যাপারটিকে এত সহজ মনে করেন না। তিনি মনে করেন, মূল তারকাদের ছাড়াও অস্ট্রেলিয়া বিশ্বমানেরই দল। তাই এই দলের বিপক্ষে মাঠে নামার আগে কোহলিদের বাড়তি সতর্কতা থাকছেই।


ভারত অধিনায়ক খুব ভালো করেই জানেন অস্ট্রেলিয়াকে হালকাভাবে নিলে হিতে বিপরীত হতে পারে, ‘এটা অস্বীকার করার উপায় নেই, তাদের দলে অনেক বিশ্বমানের খেলোয়াড় রয়েছে। যদিও দুজন সেরা ব্যাটসম্যান না থাকাটা তাদের দলের জন্য ভালো কিছু নয়, তবুও এ দুজন ছাড়াও তাদের অনেক ভালো খেলোয়াড় রয়েছে। বিশেষত, ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ম্যাচের মোড় যেকোনো মুহূর্তেই ঘুরিয়ে দেওয়ার মতো খেলোয়াড় তাদের রয়েছে। তাই তাদের হালকাভাবে নেওয়ার কোনো অবকাশ নেই।’


অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে হারানো কতটা কঠিন—এ বিষয়টা বেশ ভালো করেই জানেন কোহলি। এ জন্য মাঠের মধ্যে ছোট ছোট বিষয়কেও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে বলে জানিয়েছেন কোহলি, ‘আমাদের লক্ষ্য থাকবে খেলার মাঝে ছোটখাটো সিদ্ধান্তগুলো ঠিকঠাক নেওয়া। কেননা, এসব ছোটখাটো জিনিসই অনেক সময় ম্যাচের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়।’

ভারতের বর্তমান দলটায় কোহলি ছাড়াও রয়েছেন রোহিত শর্মা আর লোকেশ রাহুলের মতো বিধ্বংসী ক্রিকেটার, সম্প্রতি টি-টোয়েন্টিতে যারা দুজনই সেঞ্চুরি করেছেন। নিজের দলের এসব শক্তিমত্তার কারণে বেশ আত্মবিশ্বাসী শোনাল কোহলির কণ্ঠকে, ‘আমি জানি আমাদের দলটাও বেশ শক্তিশালী। আমাদের এমন ১১ জন খেলোয়াড় আছে যারা ম্যাচের প্রতি মুহূর্তে নিজেদের সবটুকু উজাড় করে দিতে চায়।’