অস্ট্রেলিয়া তিনে তিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিরাট কোহলি: ১১৭
বিরাট কোহলি: ১১৭

একটুর জন্য পার্থ ও ব্রিসবেন ফিরল না মেলবোর্নে। একটু চমকে যেতে পারেন, অস্ট্রেলিয়া তো আগের দুই ম্যাচের পর কালও জিতেছে। তবে প্রথম দুই ম্যাচের চিত্রনাট্যটা এখানে একটু বদলে গেল। ৫ ও ৭ উইকেটে জয়ের পর এবার জিতল ৩ উইকেটে, তার মানে প্রতিদ্বন্দ্বিতার মাত্রাটা একটু বেশি ছিল। তবে এতেই দুই ম্যাচ আগে সিরিজ জয় নিশ্চিত হলো অস্ট্রেলিয়ার। ২৬ বছরের মধ্যে এই প্রথম ভারত পাঁচ ম্যাচের সিরিজের প্রথম তিনটিতেই হারল। উল্টো দিকে অপ্রতিরোধ্য অস্ট্রেলিয়া ছুঁল দেশের মাটিতে নিজেদেরই গড়া টানা সর্বোচ্চ ১৭ ম্যাচ জয়ের রেকর্ডটা!
মহেন্দ্র সিং ধোনিও কাঁধ ঝাঁকিয়ে বলতে পারেন, আর কী-ই বা করার ছিল তাঁর? ব্যাটিংয়ে নেমে ৯ বলে ২৩ রান, পরে দুর্দান্ত তিনটি স্টাম্পিং—এর চেয়ে বেশি করাটা কঠিনই ছিল। তবে ভারতের বোলাররা আশা জাগিয়ে আরেকবার ব্যর্থ। ২৯৭ রান তাড়া করতে নেমে ২১৫ রানে অস্ট্রেলিয়া হারিয়ে ফেলেছিল ৬ উইকেট। কিন্তু সেখান থেকে প্রায় একাই ম্যাচ বের করে নেন গ্লেন ম্যাক্সওয়েল। তবে জয়টা তিনি মাঠে উদ্যাপন করতে পারেননি, ৮৩ বলে ৯৬ রান করে আউট হওয়ার সময় অস্ট্রেলিয়ার দরকার ছিল মাত্র ১ রান।
রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ১৬ ওভারেই তুলে ফেলে ১০০ রান। কিন্তু এরপরই তারা খায় ঝাঁকুনি। ৫৫ রানের মধ্যে আগের দুই ম্যাচের সেরা তিন ব্যাটসম্যান স্মিথ, বেইলি ও শন মার্শকে ফেরায় ভারত—১ উইকেটে ১১২ থেকে ৪ উইকেটে ১৬৭!
সেখান থেকে লড়াই শুরু ম্যাক্সওয়েলের। অন্য প্রান্তে মার্শ, ওয়েড আউট হয়ে গেলেও তিনিই দলকে টেনে নিয়ে গেছেন। সপ্তম উইকেটে ফকনারকে সঙ্গী করে ৮০ রান করেছেন। ৬৩ বলের এই জুটিতে ফকনারের অবদান ছিল মাত্র ২০!
ভারত আগের দুই ম্যাচের মতো ৩০০ পায়নি, তবে সেঞ্চুরি ঠিকই একটি পেয়েছে। এবার মাত্র ৬ করেছেন রোহিত শর্মা, বিরাট কোহলির ব্যাটই ছিল চওড়া। ১১৭ রানের ইনিংসের পথে কোহলি ছুঁয়ে ফেলেছেন সবচেয়ে কম ইনিংসে ৭ হাজার রানের মাইলফলকও। কে জানত, দিন শেষে সেটি শুধু সান্ত্বনাই হয়ে থাকবে! স্টার স্পোর্টস।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ৫০ ওভারে ২৯৫/৬ (কোহলি ১১৭, ধাওয়ান ৬৮, রাহানে ৫০, ধোনি ২৩; হ্যাস্টিংস ৪/৫৮)।
অস্ট্রেলিয়া: ৪৮.৫ ওভারে ২৯৬/৭ (ম্যাক্সওয়েল ৯৬, শন মার্শ ৬২, স্মিথ ৪১, ফিঞ্চ ২১, বেইলি ২৩, ফকনার ২১; ইশান্ত ২/৫৩, জাদেজা ২/৪৯)।
ফল: অস্ট্রেলিয়া ৩ উইকেটে জয়ী (৫ ম্যাচ সিরিজে ৩-০-তে এগিয়ে)
ম্যান অব দ্য ম্যাচ: গ্লেন ম্যাক্সওয়েল।