অস্ট্রেলিয়া দলে 'সুনামি'
>অস্ট্রেলিয়া দলে একসঙ্গে এমন রদবদল আগে কবে হয়েছে? ছয়জনের পরিবর্তনের ঘটনা সেই ১৯৮৪ সালে
দক্ষিণ আফ্রিকার কাছে হোবার্ট টেস্টে ইনিংসে হারের পরই আভাস দিয়ে রেখেছিলেন ড্যারেন লেম্যান। স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউডের জায়গাই শুধু দলে পাকা, বাকিদের একাদশে ঠাঁই পাওয়া অনিশ্চিত। কিন্তু ধবলধোলাইয়ের শঙ্কায় থাকা অস্ট্রেলিয়া দলে এত বড় একটা সুনামি হয়ে যাবে, সেটা কে ভেবেছিল? একটা ব্যাগি গ্রিন টুপি মাথায় ওঠানোর জন্য যেখানে মাইক হাসিদের ক্যারিয়ারের অনেকটা সময় কাটিয়ে দিতে হয়, সেখানে অ্যাডিলেড টেস্টেই চারজনের মাথায় সেটি উঠে যেতে পারে!
ম্যাট রেনশ, পিটার হ্যান্ডসকম্ব, নিক ম্যাডিনসন, চ্যাড সেয়ার্স—নামগুলো অপরিচিতই ঠেকার কথা। এখনো অস্ট্রেলিয়া দলে তাঁদের কারও অভিষেক হয়নি। সবসুদ্ধ হোবার্ট টেস্টের পর দলে পরিবর্তন এসেছে ছয়টি। চার নতুন ছাড়াও দলে ফিরেছেন জ্যাকসন বার্ড ও ম্যাথু ওয়েড। আগের টেস্টের দল থেকে বাদ পড়েছেন জো বার্নস, অ্যাডাম ভোজেস, ক্যালাম ফার্গুসন, জো মিনি ও পিটার নেভিল। লেম্যানের ‘অপরিহার্য চারের’ বাইরে থাকাদের মধ্যে উসমান খাজা ও নাথান লায়নই শুধু বেঁচে গেছেন। আরেক অফ স্পিনার স্টিভেন ও’কিফ চোটে না পড়লে লায়নের ওপরও খড়্গ পড়ত বলে আভাস দিয়েছেন প্রধান নির্বাচক ট্রেভর হনস।
অস্ট্রেলিয়া দলে একসঙ্গে এমন রদবদল আগে কবে হয়েছে? এক টেস্টে ছয়জনের পরিবর্তনের ঘটনা সেই ১৯৮৪ সালে। সেবার পরপর দুই সিরিজ হেরে কান্নাভেজা চোখে অধিনায়কত্ব ছেড়েছিলেন কিম হিউজ। সর্বশেষ এক টেস্টে চার নবীনের ব্যাগি গ্রিন টুপি পরার ঘটনা সেই ১৯৭৮ সালে। কেরি প্যাকারের ওয়ার্ল্ড সিরিজ অবশ্য তখন শুধু অস্ট্রেলিয়া নয়, পুরো ক্রিকেট-বিশ্বকেই দিয়েছিল বড় একটা ঝাঁকুনি। এবার তিনজনের তো নিশ্চিত, চারজনেরও অভিষেক হয়ে যেতে পারে।
এঁদের মধ্যে রেনশ ও ম্যাডিনসন ওপেনার। ব্রিটিশ বাবা-মায়ের সন্তান ২০ বছর বয়সী রেনশ খেলেছেন কুইন্সল্যান্ডের হয়ে। ২৫ বছর বয়সী ভিক্টোরিয়ার উইকেটকিপার-ব্যাটসম্যান হ্যান্ডসকম্বেরও ব্রিটিশ পাসপোর্ট আছে। তাঁর জন্ম অস্ট্রেলিয়ায় হলেও বাবা-মা দুজনই ব্রিটিশ। ২৪ বছর বয়সী ম্যাডিনসন ২০১০ সালে নিউ সাউথ ওয়েলসের হয়ে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির কীর্তি গড়েছেন। তুলনামূলকভাবে অভিজ্ঞ ২৯ বছর বয়সী সেয়ার্স এর আগে দলে ডাক পেলেও খেলার সুযোগ হয়নি। হনস একেবারেই নতুন ডাক পাওয়া তিনজনের মধ্যে দেখেন অপার সম্ভাবনা, ‘ম্যাট (রেনশ) খুব অল্প সময়ের মধ্যে দেশের সেরা একজন ওপেনার হিসেবে নিজেকে দাঁড় করাতে পেরেছে। পিটারের (হ্যান্ডসকম্ব) ফর্ম গত কয়েক মৌসুমেই বেশ ধারাবাহিক। আর নিক খুবই প্রতিভাবান একজন তরুণ ব্যাটসম্যান। আমরা মনে করি, দলের সঙ্গে ওর যোগ দেওয়ার এটাই সবচেয়ে আদর্শ সময়।’
আগামীকাল থেকে অ্যাডিলেডে শুরু দিবারাত্রির টেস্টটা অস্ট্রেলিয়ার জন্য মান বাঁচানোর লড়াই। ঘরের মাঠে এর আগে কখনোই যে ধবলধোলাইয়ের লজ্জা পেতে হয়নি! এএফপি, ক্রিকইনফো।
কারা গেলেন
জো বার্নস
অ্যাডাম ভোজেস
ক্যালাম ফার্গুসন
জো মিনি
পিটার নেভিল
কারা এলেন
ম্যাট রেনশ
পিটার হ্যান্ডসকম্ব
নিক ম্যাডিনসন
চ্যাড সেয়ার্স
জ্যাকসন বার্ড
ম্যাথু ওয়েড