ওয়েস্ট ইন্ডিজ দলের এক কর্মী করোনা পজিটিভ হওয়ায় কাল ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় ওয়ানডে স্থগিত করা হয়। ম্যাচে টস হয়ে যাওয়ার পর করোনা পজিটিভের খবর পাওয়া যায় ও ম্যাচ স্থগিত করা হয়।
এখন দুই দলের সবাইকে কোভিড-১৯ পরীক্ষা করানো হবে। আপাতত আইসোলেশনে রয়েছে দুই দল। দ্বিতীয় ওয়ানডের ভাগ্য নির্ভর করছে কোভিড পরীক্ষার ফলের ওপর। অবশ্য শুধু এ ম্যাচ কেন, চারটি দলের মধ্যে মোট ১৪টি ম্যাচের ভবিষ্যৎ নিয়েও জটিলতা তৈরি হতে পারে।
ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচটা রোববার। দুই দলের মধ্যে করোনা ছড়িয়ে পড়লে দ্বিতীয় ম্যাচ তো বটেই, সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচের ভাগ্যও সংশয়ে পড়তে পারে।
তবে এখন পর্যন্ত কোনো ম্যাচ বাতিল করা হয়নি। কিন্তু ‘সিডনি মর্নিং হেরাল্ড’ ও ‘ফক্স স্পোর্টস’ জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজ দলের এক সাপোর্ট স্টাফের করোনা পজিটিভ হওয়ায় এখন অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফরও জটিলতার মুখে পড়তে পারে।
দল ও সাপোর্ট স্টাফ মিলিয়ে আর কেউ কোভিড-১৯–এ আক্রান্ত হলে বেশ ঝামেলায় পড়বে ওয়েস্ট ইন্ডিজ। কেননা পাকিস্তান পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে আসবে। ২৭ জুলাই শুরু হওয়ার কথা টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। আট দিনের ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজে পাঁচ ম্যাচ খেলবে দুই দল। এরপর রয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজ।
ফক্স স্পোর্টসের মতে, অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফর নিয়েও জটিলতা তৈরি হতে পারে। পাঁচ ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ম্যাচ শেষ করেই বাংলাদেশের উদ্দেশে উড়াল দেওয়ার কথা তাদের।
কিন্তু বাংলাদেশে করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সিডনি মর্নিং হেরাল্ড। তাদের প্রতিবেদনে বলা হয় ‘...প্রতিদিন মৃত্যুর হার প্রায় ২০০ এবং সংক্রমণ ১১ হাজারের মতো, যদিও আসল সংখ্যাটা এর চেয়ে অনেক বেশি বলেই ধারণা।’
বাংলাদেশে এক সপ্তাহের ব্যবধানে ৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা অস্ট্রেলিয়ার। প্রথম টি-টোয়েন্টি শুরু হবে ৩ আগস্ট। ফক্স স্পোর্টস জানিয়েছে, ‘এসব ম্যাচের ভাগ্য অনেকাংশে নির্ভর করছে শুক্রবারের (কোভিড) পরীক্ষার ওপর।’
অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ দল একই হোটেলে আলাদা আলাদা ফ্লোরে অবস্থান করছে। তবে সেন্ট লুসিয়া থেকে বার্বাডোজে আসার পথে একই ভাড়া করা বিমানে এসেছে দুই দল।
এর আগে আইপিএল খেলতে এসে অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের আটকা পড়ার উদাহরণ দিয়েছে সিডনি মর্নিং হেরাল্ড। এ ছাড়া করোনার কারণে এর আগে দক্ষিণ আফ্রিকা সফর বাতিলের কথাও বলা হয়েছে।
তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) দাবি, বাংলাদেশ সফর আইপিএল ও দক্ষিণ আফ্রিকার মতো হবে না। কারণ, এক মাঠে সব কটি খেলা হবে এবং কঠোর জৈব সুরক্ষাবলয় থাকছে। পুলিশবেষ্টিত হোটেলেও নিরাপত্তা দেওয়া হবে। দলের খেলোয়াড় থেকে সাপোর্ট স্টাফদের সবাই টিকাও নিয়েছেন, জানিয়েছে সিডনি মর্নিং হেরাল্ড।