অস্ট্রেলিয়া দলের সম্মান ফেরানোটাই প্রথম লক্ষ্য ল্যাঙ্গারের

>বল টেম্পারিং-কাণ্ডে অস্ট্রেলীয় ক্রিকেট দলের সম্মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। নতুন কোচ জাস্টিন ল্যাঙ্গার কি পারবেন সেই হারানো সম্মান পুনরুদ্ধার করতে। সাবেক অস্ট্রেলীয় ওপেনার বলছেন, এটা তাঁকে করতেই হবে।
বড় কঠিন সময়ে দায়িত্ব পেয়েছেন জাস্টিন ল্যাঙ্গার। বল বিকৃতি কেলেঙ্কারিতে শুধু দলের অধিনায়ক-সহ অধিনায়ক নিষিদ্ধ হননি, কোচ ড্যারেন লেম্যানও সরে দাঁড়ান দায়িত্ব থেকে। এমন হতচ্ছাড়া দশাতেই অস্ট্রেলিয়া দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে ল্যাঙ্গারের কাঁধে। দায়িত্ব পেয়ে নিজের কর্তব্য ঠিক করতে অবশ্য দেরি করেননি সাবেক ওপেনার। অস্ট্রেলিয়া দলের সম্মান ফিরিয়ে আনাটাই তাঁর প্রথম লক্ষ্য।
বল বিকৃতির দায়টা বর্তমান দলের হলেও, অতীতের সব গৌরবকেই কালিমালিপ্ত করেছে সে ঘটনা। পাঁচটি বিশ্বকাপ জয়ী দলের অতীত সাফল্য নিয়েও ভ্রুকুটি হচ্ছে হালে। ল্যাঙ্গার তাই সম্মান পুনরুদ্ধারে নামছেন আপাতত, ‘আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যা মনে হচ্ছে, তা হলো আমাদের সম্মান ফিরিয়ে আনতে হবে। আমার কাছে বিশ্বের সব সোনার চেয়েও সম্মানের মূল্য বেশি। এটা শুধু আমরা কীভাবে ক্রিকেট খেলছি সেটা নয়, এর মানে হলো ভালো নাগরিক হওয়া, ভালো অস্ট্রেলিয়ান হওয়া।’
আগামী চার বছরের জন্য অস্ট্রেলিয়ার টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের কোচ করা হয়েছে ল্যাঙ্গারকে। ১০৫ টেস্টে ২৩ সেঞ্চুরির মালিক ঘরোয়া ক্রিকেটে দারুণ সফল। পার্থ স্করচার্সকে তিনটি বিগ ব্যাশ জেতানো এই কোচ দলের খেলোয়াড়দের আচরণে পরিবর্তন আনতে চান। তাই বলে দলের আক্রমণাত্মক চরিত্রটাকে বিসর্জন দিয়ে নয়, ‘আমরা যদি ভালো, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট না খেলি তবে মানুষ হতাশই হবে। আর মানুষ আমাদের নিয়ে কী ভাবে সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়। আমরা জানি বিশ্বে সবারই কোনো না কোনো মত আছে। আমরা যদি মাঠে ও মাঠের বাইরে আচরণ ভালো রাখি, বাকিটা এমনিতেই ঠিক হয়ে যাবে।’
বল বিকৃতির ঘটনার পর ওয়ার্নারকে ঘিরে অস্ট্রেলিয়ান ড্রেসিংরুমে বিতর্ক সৃষ্টি হয়েছিল। বল বিকৃতির দায় অন্যদের ঘাড়ে ফেলার চেষ্টাতে ওয়ার্নারের ওপর ক্ষুব্ধ হয়েছিল বোলিং বিভাগ। দলের মধ্যে সম্পর্ক বাড়ানো নিয়েও তাই কাজ করতে হবে নতুন কোচকে, ‘আমাদের এ নিয়ে কাজ করতে হবে। দক্ষিণ আফ্রিকার সে ঘটনা ছাড়াই দলের মধ্যে ভ্রাতৃত্ববোধ এমনটা হওয়া উচিত, তেমন ছিল না। আমি অনেক দিন ধরেই বলছি, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলে সেটা আঠার মতো সবাইকে একত্রিত করে রাখে, বিশেষ করে চাপের মুহূর্তে।’