অস্ট্রেলিয়া ধবলধোলাই
ডেভিড ওয়ার্নারের আফসোস হতেই পারে, ‘কেন যে একের জায়গায় দুটি রান নিতে গেলাম?’ তিনি ওই সময় আউট না হলে হয়তো ম্যাচটা ৩১ রানে হারতে হতো না অস্ট্রেলিয়াকে।
অবশ্য কিছু করারও ছিল না অস্ট্রেলিয়ান ওপেনারের। সে সময় তিনিই ছিলেন অস্ট্রেলিয়ার জয়ের একমাত্র আশা। সেটি বুঝেই হয়তো ঝুঁকি নিয়েও স্ট্রাইক ধরে রাখতে চেয়েছিলেন ওয়ার্নার। কিন্তু হয়ে গেলেন রানআউট। ৪৭.১ ওভারে নবম ব্যাটসম্যান হিসেবে তিনি ফিরতেই অস্ট্রেলিয়ার ভাগ্যেও লেখা হয়ে যায় পরাজয়।
রাইলি রুশোর দুর্দান্ত সেঞ্চুরি (১১৮ বলে ১২২) ও ডুমিনির ৭৫ বলে ৭৩ রানে ভর করে সিরিজের পঞ্চম ওয়ানডেতে পরশু দক্ষিণ আফ্রিকা করে ৩২৭ রান। তাড়া করতে নেমে রুশোর সেঞ্চুরির জবাব ওয়ার্নার দিয়েছেন দুর্দান্তভাবে, ১১ রানেই জীবন পাওয়ার পর খেলেছেন ১৩৬ বলে ১৭৩ রানের অসাধারণ ইনিংস, যাতে চার ২৪টি। কিন্তু তাঁকে সংগত দেওয়ার মতো কোনো ‘ডুমিনি’ যে ছিল না অস্ট্রেলিয়ার। অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ স্কোরই হেড ও মার্শের ৩৫ রান।
পরাজয়ের সঙ্গে স্মিথদের ‘বোনাস’ লজ্জা—ইতিহাসে এই প্রথম কোনো পাঁচ ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজে ৫-০-তে হারল অস্ট্রেলিয়া। এএফপি।