অস্ট্রেলিয়া ফিরল পুরোনো চেহারায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেভিড ওয়ার্নারের ছিল চোট। মিচেল জনসন আর জশ হ্যাজলউডকে বিশ্রাম দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। বাংলাদেশ সফরের ঘোষিত অস্ট্রেলিয়া দলে তাই ছিলেন না এই তিন ক্রিকেটার। নিরাপত্তাকে কারণ দেখিয়ে অস্ট্রেলিয়া তো শেষ পর্যন্ত বাংলাদেশ সফরই আর করল না। আর এই সফর স্থগিত হওয়ার কদিনের ব্যবধানে পরিস্থিতিও বদলে গেছে অস্ট্রেলিয়ার। আগামী মাসে হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে তিন টেস্টের সিরিজের প্রস্তুতি ক্যাম্পে ডাকা হয়েছে এ তিনজনকেই।
এ ত্রয়ীর সঙ্গে ডাক পাওয়া ২০ খেলোয়াড়ের মধ্যে আছেন দুই পেসার নাথান কোল্টার-নাইল ও জেমস প্যাটিনসন। দেশের হয়ে ১৩টি ওয়ানডে ও ১১টি টি-টোয়েন্টি খেললেও এখনো টেস্ট অভিষেকের অপেক্ষায় কোল্টার-নাইল। ভিক্টোরিয়ার পেসার প্যাটিনসন অবশ্য ১৩টি টেস্ট খেলেছেন, তবে সর্বশেষ খেলেছেন গত বছর মার্চে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সিডনিতে আজ শুরু হতে যাওয়া ক্যাম্পে এঁদের সঙ্গে থাকছেন বাংলাদেশ সফরের ঘোষিত দলে থাকা বাকিরাও।
অ্যাশেজের পর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে (৫ সেপ্টেম্বর) আঙুলে চোট পেয়েছিলেন ওয়ার্নার, যেটি তাঁকে প্রায় ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে পাঠিয়ে দেয়। ক্যাম্পে আছেন মানে সেই চোট থেকে হয়তো অনেকটাই সেরে উঠেছেন অস্ট্রেলিয়ান ওপেনার। গত পরশু অস্ট্রেলিয়ার ঘরোয়া টুর্নামেন্ট ম্যাটাডোর কাপে ধারাভাষ্য দিতে গিয়ে ওয়ার্নারও জানিয়েছেন, এ মাসের শেষ দিকে শেফিল্ড শিল্ডের প্রথম রাউন্ডেই আবার ব্যাট হাতে নামতে পারবেন।
আগামী ৫ নভেম্বর গ্যাবায় শুরু হবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড তিন টেস্ট সিরিজের প্রথমটি। দ্বিতীয়টি পার্থে, ১৩ নভেম্বর থেকে। অ্যাডিলেডে ইতিহাসের প্রথম দিবারাত্রির টেস্টটি শুরু হবে ২৭ নভেম্বর। ক্রিকইনফো।