অস্ট্রেলিয়া বনাম ওয়াহাব রিয়াজ!

কী আশ্চর্য, ৯৭ বল বাকি থাকতে ৬ উইকেটে জিতে কেউ এমন উল্লাস করে!
অথচ জয়সূচক বাউন্ডারিটি মেরেই শেন ওয়াটসন কিনা ফেটে পড়লেন উল্লাসে! ছুটে গিয়ে জড়িয়ে ধরলেন উইকেটে সঙ্গী গ্লেন ম্যাক্সওয়েলকে। পুরো ম্যাচ থেকে শুধু এই দৃশ্যটা কেটে নিয়ে দেখালে যে কারোরই অবাক হওয়ার কথা।
সেমিফাইনালে ওঠার উদ্যাপন? ধেৎ, অস্ট্রেলিয়ার জন্য সেমিফাইনাল কোনো ব্যাপার নাকি! এই নিয়ে সপ্তমবারের মতো সেমিফাইনাল। বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি। বিশ্বকাপের ‘চিরন্তন সেমিফাইনালিস্ট’ নিউজিল্যান্ড এবারও যদি ওঠে, তবেই তাদের ছুঁতে পারবে। তা হলে অ্যাডিলেড ওভালে কাল কেন ওয়াটসনের অমন বাঁধনছেঁড়া উদ্যাপন?
ম্যাচটা দেখে থাকলে আপনার মনে এই প্রশ্নটা একদমই জাগবে না। নেভিল কার্ডাস কেন স্কোরকার্ডকে ‘আস্ত একটা গাধা’ বলেছিলেন, যেন তা বুঝিয়ে দিতেই মাঝেমধ্যে এমন কিছু ম্যাচ আসে। স্কোরকার্ড দেখে কে বুঝবে, এই ম্যাচে দুদলের প্রতিদ্বন্দ্বিতাটা কাল কী অবিশ্বাস্য তীব্রতা ছুঁয়েছিল! তা এমনই যে, ৯৭ বল ও ৬ উইকেটের কথা মাথায় রেখেও বলা যাচ্ছে, এই ম্যাচটা পাকিস্তানও জিততে পারত!
দুই দলের প্রতিদ্বন্দ্বিতা বলাটা অবশ্য ভুল হলো। দুই দল কোথায়? খেলাটা তো হলো অস্ট্রেলিয়া বনাম ওয়াহাব রিয়াজ! অন্য প্রান্ত থেকে যেন দুধভাত বোলিং হচ্ছে আর এই বাঁহাতি ফাস্ট বোলার একাই কাঁপিয়ে দিচ্ছেন অস্ট্রেলিয়াকে। ৬ ওভারের প্রথম যে স্পেলটি করলেন, গতি-প্রমত্ততা-আতঙ্ক ছড়িয়ে দেওয়ার বিচারে তা বিশ্বকাপ ইতিহাসের সেরা স্পেলগুলোর একটি। শুধু বিশ্বকাপেই আটকে থাকা কেন, ওয়ানডে ইতিহাসেই ব্যাটসম্যানকে এমন বাউন্সারে বাউন্সারে অসহায় করে তোলা স্পেল মনে করতে গলদঘর্ম হতে হচ্ছে। শেন ওয়ার্ন তাই সেই ঝামেলায়ই যাচ্ছেন না। ঘোষণা করে দিচ্ছেন, এটি তাঁর জীবনে দেখা সেরা বোলিং স্পেলের একটি।
অ্যাডিলেড ওভালে প্রেসবক্সের পাশেই সারি সারি কমেন্ট্রি বক্স। অতীত দিনের ঝলমলে তারকারা তাই সাংবাদিকদের সঙ্গে মিলেমিশে যান। প্রেসবক্সে হঠাৎই দেখবেন পাশে বসে মাইকেল আথারটন বা ওয়াসিম আকরাম। পেছনে হয়তো দাঁড়িয়ে অ্যালান বোর্ডার বা কেভিন পিটারসেন। প্রেসবক্সের পেছনের ফ্রিজ থেকে পানির বোতল নিতে গিয়ে শেন ওয়ার্নের সঙ্গে দেখা হয়ে যাবে। নিজেও একটা পানির বোতল নিতে নিতে বলবেন, ‘কী বোলিংই না করল ছেলেটা! আমার দেখা সেরা বোলিংয়ে অবশ্যই এটিও থাকবে।’
প্রথম বাক্যটাতে যে আফসোসের সুর, সেটির মূলে রাহাত আলী। উদুর্তে ‘রাহাত’ মানে বাংলায় ‘আরাম’। এই ফাস্ট বোলার তাঁর নামের সার্থকতা প্রমাণ করে অস্ট্রেলিয়াকে বড়ই ‘আরাম’ দিলেন। সেটি শেন ওয়াটসনের ক্যাচ ফেলে। প্রথম ওভারেই ওয়ার্নারকে তুলে নিয়েছেন রিয়াজ। কিছুক্ষণ পরই মাইকেল ক্লার্ককেও। বাউন্সারে টালমাটাল ক্লার্ক ক্যাচ তুলে দিয়েছেন শর্ট লেগের হাতে। একাদশ ওভারে স্কোরবোর্ডে তখন ৩ উইকেটে ৫৯। পাকিস্তানের ইনিংস শেষে ‘এই উইকেটে ৬০টা রান কম হয়ে গেছে’ ধারণাটা তখন ভেংচি কাটছে। ২১৩ রানকেই মনে হচ্ছে পাহাড়! শেন ওয়াটসন আসামাত্র তাঁকে যেভাবে নাকাল করতে শুরু করলেন ওয়াহাব রিয়াজ, তাতে তাঁর ব্যাট এটা টপকাতে বড় ভূমিকা রাখবে ভাবাটা তখন পঙ্গুর গিরি লংঘনের মতো দুরাশা।
সেটি দুরাশা হয়েই থাকত, যদি ফাইন লেগে রাহাত আলী ওয়াটসনের দেওয়া রসগোল্লার মতো ক্যাচটা অবিশ্বাস্যভাবে ফেলে না দিতেন! ওয়াটসনকে ৪ রানেই ফিরতে হতো, অস্ট্রেলিয়া হয়ে যেত ৪ উইকেটে ৮৩। এমন ক্যাচ-ট্যাচ ফেলার ঘটনা ক্রিকেটে হয়েই থাকে, সেটির এমন ফলাফল নির্ধারক হয়ে ওঠাও ব্যতিক্রমী কিছু নয়। তবে এটাকে অবশ্যই ব্যতিক্রম বলে মানতে হবে, যদি প্রতিপক্ষ অধিনায়ক সংবাদ সম্মেলনে এসে বারবার সেটির কথা বলতে থাকেন! মাইকেল ক্লার্ক বেশ কয়েকবারই বললেন, ওই ক্যাচটা নিতে পারলে কী হতো কে জানে! ওয়ানডেতে তাঁর দেখা অন্য যেকোনো সেরা বোলিংয়ের পাশে এটিও থাকবে বলে জানিয়ে একটা হাসি দিয়ে বললেন, ‘আজ খুব ভালো বুঝতে পেরেছি, অ্যাশেজে মিচেল জনসনকে খেলতে ব্যাটসম্যানদের কেমন লেগেছিল!’
স্কোরবোর্ড যে আস্ত একটা গাধা, ওয়াহাব রিয়াজের বোলিং বিশ্লেষণও তার আরেকটি প্রমাণ। ৯-০-৫৪-২ কীভাবে বোঝাবে তাঁর প্রমত্ততা! ৬-০-২৪-২ প্রথম স্পেলেও যেমন লেখা নেই, ওই সময়টায় তাঁর মাত্র চারটি বল থেকে স্কোর করতে পেরেছেন ওয়াটসন। তার একটি তাঁর ব্যাটের ওপরের দিকে লেগে শর্ট থার্ডম্যানের দিকে গেছে। আরেকবার রান নিতে পেরেছেন রাহাত আলী ক্যাচ ফেলে দেওয়ায়। বাউন্সার মেরে ওয়াহাব রিয়াজ কখনো কাছে গিয়ে ‘কুশল’ জিজ্ঞাসা করছেন, কখনো বা ছুড়ে দিচ্ছেন ‘ফ্লাইং কিস!’ ওয়াটসনকে নিয়ে রীতিমতো ছেলেখেলা আর কী!
তাতে নাস্তানাবুদ হয়েও কোনোমতে টিকে থাকা ওয়াটসন ম্যাক্সওয়েলকে সঙ্গী করে যখন ম্যাচটা বের করে নিচ্ছেন, বাধ্য হয়ে আবারও তাঁকে ফেরালেন মিসবাহ। দ্বিতীয় বলেই বাউন্সারে এলোমেলো ম্যাক্সওয়েল ক্যাচ দিলেন থার্ডম্যানে। হায়, এবারও সেটি মাটিতে পড়ল। এবার ফেললেন সোহেল।
ওয়াহাব রিয়াজকে তাই ট্র্যাজিক হিরো হয়েই থাকতে হলো। মাত্র ২ উইকেট নেওয়ার পরও ম্যাচ শেষে যে তাঁর নামটাই বারবার উচ্চারিত হলো, এটা কি আর বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ায় সান্ত্বনা হতে পারে নাকি!