ভারতের বিপক্ষে সিরিজের আগের দুই টেস্টে ১০ রানের বেশি করতে পারেননি একটা ইনিংসেও। সিডনিতে তৃতীয় টেস্টটা তাই স্টিভেন স্মিথের জন্য ছিল বড় চ্যালেঞ্জ। কিন্তু স্মিথ যে গ্রেট ক্রিকেটার। গ্রেটদের মতোই প্রত্যাবর্তন হলো তাঁর সিডনিতে। রান না পাওয়াটা তাঁকে এতটাই ক্ষুধাতুর করে তুলেছিল যে তিনি ফিরলেন সেঞ্চুরি দিয়েই। অনবদ্য ১৩১ রানের এক ইনিংস দিয়েই তিনি রাঙিয়েছেন তাঁর ফর্মে ফেরার মঞ্চটা। আর অস্ট্রেলীয় ব্যাটিংয়ে স্টিভেন স্মিথ যে এখন কত বড় ব্যাপার সেটির প্রমাণ মিলেছে আবারও। স্মিথের মোটামুটি বড় একটা ইনিংসের পরেও সিডনি টেস্টে নিজেদের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩৩৮।
ক্যারিয়ারের ২৭তম সেঞ্চুরিটি আজ পূরণ করেছেন স্মিথ। সেঞ্চুরি পেতে পারতেন মারনাম লাবুশেনও। কিন্তু তাঁর দুর্ভাগ্য, তিনি পারেননি। ৯১ রানেই শেষ হয়েছে লাবুশেনের ইনিংস। রবীন্দ্র জাদেজার বলে অজিঙ্কা রাহানেকে ক্যাচ দিয়েছেন তিনি। ১৯৬ বল খেলে ১১টি বাউন্ডারিতে দারুণভাবে সাজিয়েছিলেন নিজের ইনিংসটা। কিন্তু দুর্ভাগ্য, তিনি ইনিংসটা বড় করতে পারেননি লাবুশেন। অস্ট্রেলীয় দল অবশ্য লাবুশেনের সেঞ্চুরি না পাওয়ার হতাশাটা ভুলেছে সবচেয়ে আরাধ্য সেঞ্চুরিটি পেয়ে—সেটি স্মিথেরটা। তাঁর ১৩১ রানের ইনিংসে ছিল ১৬টি বাউন্ডারি, ২২৬ বল খেলে তিন ফেরেন জাদেজার এক সরাসরি থ্রোতে রানআউট হয়ে।
টেস্টের দ্বিতীয় দিন সকালে শুরুটা ভালোই করেছিলেন দুই অপরাজিত অস্ট্রেলীয় ব্যাটসম্যান স্মিথ ও লাবুশেন। প্রথমে ফেরেন লাবুশেনই। মনোযোগ হারিয়েই তিনি ফাঁদে পড়েন। লাবুশেনের উইকেট হারিয়ে অস্ট্রেলিয়াও হয়ে পড়ে এলোমেলো। স্মিথকে একদিকে রেখেই একে একে ফেরেন ম্যাথু ওয়েড, ক্যামেরন গ্রিন, টিম পেইন ও প্যাট কামিন্স। কিন্তু উইকেটের এক প্রান্ত আগলে রেখে ভারতীয় বোলারদের বিপক্ষে যেন একাই লড়ে যান স্মিথ। শেষের দিকে মিচেল স্টার্কের ২৪ রান অস্ট্রেলীয় সংগ্রহকে মোটামুটি একটা ভালো চেহারা দেয়। স্মিথও অন্য প্রান্তে উইকেট পড়তে দেখে নিজেকে খোলস থেকে বের করেন। কিছুটা দ্রুতগতিতে রান তোলার চেষ্টা করতে থাকেন। সব মিলিয়ে এই টেস্ট সিরিজে অবশেষে দুই শ রান পেরোনোর স্বপ্ন সত্যি হয় অস্ট্রেলিয়ার।
জাদেজাই ভারতের সেরা বোলার। নিয়েছেন ৪ উইকেট। অভিষিক্ত নবদ্বীপ সাইনি ও জশপ্রীত বুমরা নিয়েছেন ২টি করে উইকেট। গত দুই টেস্টে স্মিথের দুঃস্বপ্ন রবিচন্দ্রন অশ্বিন সিডনিতে এখনো পর্যন্ত উইকেটশূন্য। মোহাম্মদ সিরাজ পেয়েছেন ১ উইকেট।
এই প্রতিবেদন লেখার সময় অস্ট্রেলিয়ার সংগ্রহের জবাবে ব্যাটিংয়ে নেমেছে ভারত। ৪ ওভার ব্যাটিং করে ভারতের রান এখনো পর্যন্ত ১১। শুভমন গিল আর রোহিত শর্মা শুরু করেছেন ভারতের পথচলা।