অস্ট্রেলিয়া ভালো করলেও ৩-০!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধের দামামা বাজতে শুরু করেছে অনেক আগে থেকে। চলছে কথার লড়াই। ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে মাঠের লড়াইটা এমন জমবে তো? বিশ্বজোড়া ক্রিকেট রোমান্টিকেরা তীব্র প্রতিদ্বন্দ্বিতাময় একটি সিরিজ দেখার অপেক্ষায় আছেন। তবে হরভজন সিংয়ের কথা বিশ্বাস করলে প্রতিদ্বন্দ্বিতার ‘প’ও থাকবে না সিরিজে। ভারতীয় অফ স্পিনারের অনুমান, র্যা ঙ্কিংয়ের এক ও দুই নম্বর দলের সিরিজটি ম্যাড়মেড়েই হতে যাচ্ছে।
১৯৬৯-৭০ মৌসুমে ভারত থেকে ৩-১ ব্যবধানে জিতে ফিরেছিল অস্ট্রেলিয়া। এরপর থেকেই এশিয়ার দেশটি যেন অস্ট্রেলিয়ার জন্য শেষ রণাঙ্গন। স্টিভ ওয়াহর সর্বজয়ী অস্ট্রেলিয়াও জিততে পারেনি ‘নীল’ দুর্গ। ২০০০-০১ মৌসুমে তিন টেস্টের সিরিজের প্রথম ম্যাচটি জিতেছিল। পরের ম্যাচে ভারতকে ফলোঅনে ফেলেও হারতে হয়েছে অস্ট্রেলিয়াকে। সেই টেস্টের প্রথম ইনিংসে হ্যাটট্রিকসহ ৭ উইকেট নেন হরভজন, দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট। তবে ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন দ্বিতীয় ইনিংসে ২৮১ রানের ইনিংস খেলে ফলোঅন এড়াতে মূল ভূমিকা রাখা ভিভিএস লক্ষ্মণ।
২০০৪-০৫ মৌসুমে ভারতে এসে অচলায়তন ভাঙে অ্যাডাম গিলক্রিস্টের অস্ট্রেলিয়া। সেবার সিরিজ জেতে ২-১ ব্যবধানে। এরপর ভারতে কোনো টেস্ট ম্যাচ জেতেনি তারা। যেকোনো মূল্যে এবার ভারতে একটি টেস্ট জয়ের সংকল্প নিয়ে এসেছেন অধিনায়ক স্টিভেন স্মিথ। কিন্তু হরভজনের অনুমান, সেটি আর হচ্ছে না, ‘অস্ট্রেলিয়া যদি খুব ভালো খেলে, ভারত ৩-০-তে সিরিজ জিতবে। আর ভালো খেলতে না পারলে সিরিজের ফল হবে ৪-০।’
এশিয়াতেই অস্ট্রেলিয়ার সাম্প্রতিক পারফরম্যান্স আশা-জাগানিয়া নয়। এখানে তাদের সর্বশেষ টেস্ট সিরিজ জয় ২০১১ সালে, শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর হেরেছে টানা ৯ টেস্ট। এই সিরিজের উইকেটেও অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের জন্য কাঁটাই বিছানো থাকবে বলে মনে করেন হরভজন, ‘আমার মনে হয় না, উইকেট তাদের জন্য সহজ হবে। শুরু থেকেই বল ঘুরতে শুরু করলে খুব বেশি সময় তারা উইকেটে টিকতে পারবে বলে আমার মনে হয় না।’
হরভজনের কাছে ওয়াহ-পন্টিং-গিলক্রিস্টদের অস্ট্রেলিয়া এখনকার দলের চেয়ে ভালো ছিল, ‘এই কন্ডিশনে ম্যাচ জেতার মতো আত্মবিশ্বাস এই দলের আছে বলে মনে হয় না। এখানে ভালো করার মতো সেই মানের স্পিনার তাদের নেই।’ ক্রিকেট অস্ট্রেলিয়া।