অস্ট্রেলিয়া 'এ' দলের সফর বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সফরে কি আসবে অস্ট্রেলিয়া?

উত্তরটা এখনো ভবিষ্যতে লুকিয়ে। তবে আর্থিক কাঠামো নিয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড ও ক্রিকেটারদের বিরোধ আশঙ্কার কালো ছায়াই ফেলছে ১১ বছর পর আগামী মাসের অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরে। কাল অস্ট্রেলিয়া ‘এ’ দলের ক্রিকেটাররা দক্ষিণ আফ্রিকা সফল বাতিল করার পর শঙ্কার সেই ছায়াটা আরও গাঢ় হয়েছে।

দুটি বেসরকারি টেস্ট ও একটি ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্ট খেলতে আগামীকাল দক্ষিণ আফ্রিকায় রওনা হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়া ‘এ’ দলের। সফরে যাবেন কি না, তা জানাতে আজ শুক্রবার পর্যন্ত সময় নিয়েছিলেন ‘এ’ দলে ডাক পাওয়া ক্রিকেটাররা। কিন্তু সফরের খুঁটিনাটি চূড়ান্ত করতে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) গতকালের মধ্যেই সিদ্ধান্ত জানাতে বলে। ক্রিকেটাররা দেরি করেননি, কাল সকালেই জানিয়ে দেন, সফরে যাবেন না তাঁরা।

অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (এসিএ) কাল এক বিবৃতিতে জানিয়েছে, অস্ট্রেলিয়ান ক্রিকেটের বৃহত্তর স্বার্থেই ব্যক্তিগত স্বার্থ উৎসর্গ করছেন ক্রিকেটাররা। এখনো যে দুই পক্ষ সমঝোতায় আসতে পারেনি, তার কারণ হিসেবে সিএর একগুঁয়েমিকে দায়ী করেছে সংগঠনটি, ‘সিএর আচরণে সব খেলোয়াড় প্রচণ্ড হতাশ। দেশের হয়ে খেলার বদলে তাঁদের এখন এই সিদ্ধান্ত নিতে হলো। সিএ কোনো মধ্যস্থতাকারীর সঙ্গে বসতে রাজি হয়নি, সমঝোতা স্মারক নিয়ে নমনীয় হওয়ার কোনো আভাসও দেয়নি। মধ্যস্থতা ছাড়া উভয় পক্ষ কীভাবে মতৈক্যে পৌঁছাবে?’

৩০ জুনের মধ্যে নতুন চুক্তিতে স্বাক্ষর না করায় বেকার হয়ে গেছেন অস্ট্রেলিয়ার ২৩০ জনের মতো ক্রিকেটার। ‘এ’ দলের সফর নিয়ে তখনই শঙ্কা দেখা দেয়। ক্রিকেটাররা অনুশীলন শুরু করলেও এসিএ তখনই জানিয়ে দিয়েছিল, শুক্রবারের মধ্যে কোনো সমঝোতা না হলে নিজেদের সরিয়ে নেবেন তাঁরা। উসমান খাজা, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাশটন অ্যাগার ও জ্যাকসন বার্ডের মতো জাতীয় দলের খেলোয়াড়েরা ছিলেন সফরের দলে।

এসিএর সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সিএ এক বিবৃতিতে বলেছে, ‘গত এক সপ্তাহে সিএ ও এসিএর মধ্যে আলোচনায় ভালো অগ্রগতি হয়েছিল। আর এমন সময় খেলোয়াড়দের এই সিদ্ধান্তে ক্রিকেট অস্ট্রেলিয়া হতাশ। নতুন সমঝোতা স্মারক নিয়ে এখনো ঐকমত্য না হলেও আমরা ভেবেছিলাম, সফরটা হবেই।’

সফর না হওয়ায় বেঁচে যাচ্ছে প্রায় আড়াই লাখ ডলার। এই অর্থ তৃণমূল পর্যায়ের ক্রিকেটে খরচ করার ঘোষণা দিয়েছে সিএ। আর ক্রিকেটারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে সিএ। সংস্থাটি বলেছে ‘এ’ দলের যেসব ক্রিকেটারের রাজ্য ক্রিকেট সংস্থা ও বিগ ব্যাশ লিগের দলগুলোর সঙ্গে চুক্তি আছে, তাঁরা চুক্তিভুক্তই থাকবেন।

বাংলাদেশের সফরের জন্য অস্ট্রেলিয়ার প্রস্তুতি ক্যাম্প শুরু হওয়ার কথা আগামী ১০ আগস্ট থেকে। ডারউইনের ওই ক্যাম্প শুরুর আগে কি বরফ গলবে? এএফপি, ক্রিকেট অস্ট্রেলিয়া।