
মুখ খুলতে যেন বড্ড আপত্তি আসেলা গুনারত্নের। অমন একটা ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন। তবু ম্যাচসেরার পুরস্কার নিতে এসে কোনোক্রমে জানালেন, ‘এটা খুব খুশির মুহূর্ত।’ ব্যস, এতটুকুই। যা বলার সেটা অবশ্য ব্যাটেই বলে এসেছেন খানিক আগে! গুনারত্নের ৪৬ বলে ৮৪ রানে ২ উইকেটে জিতেছে শ্রীলঙ্কা।
৪০ রানেই নেই ৫ উইকেট। ১৭৪ রানের লক্ষ্যটা তখন দূরের বাতিঘর। চামারা কাপুগেদারাই প্রথমে আস্থা দিলেন গুনারত্নেকে। কিন্তু ৩২ রান করে আউট হলেন কাপুগেদারাও। গুনারত্নে দেখেছেন কীভাবে সমীকরণটা কঠিন থেকে কঠিনতর হচ্ছে। সব পাল্টে গেল ১৯তম ওভারে। প্রথম বলটা ডট। শ্রীলঙ্কার জয়ের সমীকরণ দাঁড়াল ১১ বলে ৩৬। দ্বিতীয় বলটা কভার দিয়ে উড়িয়ে যে তাণ্ডব শুরু করলেন, সেটা ছক্কার হ্যাটট্রিকে থামল স্কয়ার লেগ দিয়ে। পঞ্চম বলে ডট, শেষ বলে আবারও চার। এক ওভারেই ২২ রান!
শেষ ওভারে প্রথম বলে নুয়ান কুলাসেকারা আউট হয়ে যে উত্তেজনা ছড়ালেন, সেটায় পানি ঢাললেন গুনারত্নে। প্রথমে চার, তৃতীয় বলেই ছক্কা। এরপর ৩ বলে ৪ রানের সহজ সমীকরণটা গুনারত্নে মেলাতে পারবেন না, সেটা অন্তত কাল কেউ বিশ্বাস করত না। সেটাই হলো, শেষ বলে চার মেরেই মাঠ ছেড়েছেন গুনারত্নে। অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ তো আর শুধু শুধু বলেননি, ‘কী যে ইনিংস ছিল সেটা!’
এ জয়ে এক ম্যাচ বাকি রেখেই টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল শ্রীলঙ্কা। টানা দুই ম্যাচে ভালো অবস্থা থেকে শেষ বলে ম্যাচ হেরে সিরিজও হেরে বসেছে অস্ট্রেলিয়া। স্টার স্পোর্টস।