
নিজেদের মাঠ, চেনা কন্ডিশন, চেনা দর্শক। অস্ট্রেলিয়ার পক্ষে সবকিছুই। কিউই সমর্থকেরাও থাকবেন, তবে অস্ট্রেলিয়ানদের পাশে তাদের ‘সংখ্যালঘু’ হয়েই থাকতে হবে। তার ওপর ভেন্যু মেলবোর্ন, গত ছয় বছরে যেখানে কোনো ম্যাচ খেলার সুযোগ পায়নি নিউজিল্যান্ড। মানিয়ে নিতে হবে প্রায় ‘অচেনা’ কন্ডিশনের সঙ্গেও। কিন্তু কোনো কিছুই দমাতে পারছে না দুর্দান্ত ফর্মে থাকা কিউইদের। দলের বোলিং আক্রমণের অন্যতম ভরসা টিম সাউদি তো বলেই দিয়েছেন, অস্ট্রেলিয়ার মাঠেই অস্ট্রেলিয়াকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী তাঁর দল।
বিশ্বকাপে এ পর্যন্ত ৮ ম্যাচে ২৭.১৩ গড়ে ১৫ উইকেট নিয়েছেন সাউদি। নতুন বলে তাঁর সঙ্গী ট্রেন্ট বোল্ট আরও এগিয়ে। ১৫.৭৬ গড়ে ২১ উইকেট নিয়ে এই বিশ্বকাপের সবচেয়ে বেশি উইকেটশিকারি। আগামীকাল মেলবোর্নেও দুজন মিলে অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে দিতে পারবেন বলে আশাবাদী সাউদি, ‘কয়েক মাস ধরে সে (বোল্ট) যা করেছে, তা এক কথায় অসাধারণ। আমাদের দুজনের জুটিও দারুণ হচ্ছে। অস্ট্রেলিয়ার বিপক্ষেও যদি আমরা প্রত্যাশামতো সুইং করাতে পারি তাহলে আরও বিপজ্জনক হয়ে উঠতে পারব।’
গত ২৭ বছরে মেলবোর্নে কোনো টেস্ট খেলেনি নিউজিল্যান্ড। এ মাঠে কিউইরা সর্বশেষ ওয়ানডে খেলেছিল ২০০৯ সালের ফেব্রুয়ারিতে। অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারানো সেই ম্যাচের ৭ কিউই খেলোয়াড় আছেন এবারের বিশ্বকাপ দলেও। সাউদি তাদেরই একজন। বিশাল এ মাঠে খেলার অভিজ্ঞতা কম বলে কিন্তু একেবারেই চিন্তিত নন নিউজিল্যান্ড পেসার, ‘আমরা দীর্ঘ সময় ধরে সেখানে খেলি না। তবে মেলবোর্নে খেলা সর্বশেষ ম্যাচটা কিন্তু সুখস্মৃতির। মাঠের আকার নিয়ে তাই আমরা বিন্দুমাত্র চিন্তিত নই। অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন একটা মাঠে বিশ্বকাপের ফাইনাল খেলা তো বরং স্বপ্নের মতো ব্যাপার।’
শুধু মাঠের আকার নয়, ফাইনালে অস্ট্রেলিয়ান দর্শকও শত্রু হয়ে থাকবেন কিউইদের। তবে এটা ভেবেও ভীত নন সাউদি, ‘জানি, ফাইনালে লাখ খানেকের মতো দর্শক হবে। তবে আমাদের অনেক খেলোয়াড়েরই বিশাল দর্শকের সামনে খেলার অভ্যাস আছে। আমরা ভারতের মাঠগুলোতে তো অনেক ক্রিকেট খেলেছি।’
অস্ট্রেলিয়ানদের সঙ্গে চিরন্তন দ্বৈরথটাও বেশ উপভোগ করেন বলে জানালেন সাউদি, ‘সবকিছুতেই ওরা আমাদের সঙ্গে বড় ভাইয়ের মতো আচরণ করে। এটা শুধু ক্রিকেটে নয়, অন্য খেলাতেও। তবে আমরাও সব খেলাতেই ওদের সঙ্গে দারুণ লড়াই করি।’ এএফপি।