অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে শেষে কাঁপাকাঁপিতে শেষ পাকিস্তান

পঞ্চম ওভারের মধ্যেই ২ উইকেট নেই অস্ট্রেলিয়ার। মোহাম্মদ আমিরের পরপর দুই বলে ফিরে গেছেন ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ। ২ উইকেটে ১৩ থেকে ঘুরে দাঁড়াবে কী, উল্টো অস্ট্রেলিয়া ৫ উইকেটে ৭৮ হয়ে গেল ১৭তম ওভারে এসে। আমিরের পর ইমাদ ওয়াসিম ও হাসান আলীর বোলিংয়ের সামনেও অসহায় অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা।
কিন্তু সেই অস্ট্রেলিয়াই যে ব্রিসবেনে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে শেষ পর্যন্ত ৯ উইকেটে ২৬৮ করল, তার কৃতিত্ব মূলত ম্যাথু ওয়েডের, একটু কৃতিত্ব পাবেন গ্লেন ম্যাক্সওয়েলও। ওয়েডের অপরাজিত সেঞ্চুরি আর ম্যাক্সওয়েলের হাফ সেঞ্চুরির জবাবটা দিতে পারল না পাকিস্তানের ব্যাটিং। তাড়া করতে নেমে আজহার আলীর দল তাই গুটিয়ে গেল ৪৩তম ওভারে, ১৭৬ রানেই। ৯২ রানে ম্যাচ জিতে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্টিভেন স্মিথের দল। টেস্টের পর ওয়ানডেতেও পাকিস্তানের ওপর আধিপত্য ধরে রাখল তারা।
৭৮ রানে ৫ উইকেট চলে যাওয়ার পর ম্যাক্সওয়েলকে নিয়ে ৮২ রানের জুটি গড়েন ওয়েড। ৫৬ বলে ৬০ রান করে হাসান আলীর বলে ম্যাক্সওয়েল ফিরে গেলেও ওয়েড হাল ছাড়েননি। প্যাট কামিন্সকে নিয়ে ৪২ ও শেষ উইকেটে স্ট্যানলেককে নিয়ে অবিচ্ছিন্ন ৩৩ রানের আরও দুটি জুটি গড়েছেন। ঠিক ১০০ বলে ১০০ করে নিজের অপরাজিত রয়ে গেছেন শেষ পর্যন্ত। অস্ট্রেলিয়ার রানটা আড়াই শ পেরিয়েছে মূলত ওয়েডের দৃঢ়তায়।
জবাব দিতে নেমে জেমস ফকনার, প্যাট কামিন্স আর মিচেল স্টার্কের তোপেই দিশা হারিয়েছে পাকিস্তান। শারজিল খান, আজহার আলী ও মোহাম্মদ হাফিজ-তিন টপ অর্ডারকেই ফিরিয়েছেন ফকনার। এরপর বাকি কাজটা সেরেছেন কামিন্স আর স্টার্ক। একটা ফিফটি পর্যন্ত নেই পাকিস্তানের ইনিংসে, সর্বোচ্চ বাবর আজমের ৩৩। এরপর ম্যাচ জেতা বেশ কঠিন বৈকি!