অস্ট্রেলিয়াকে নিজেদের সামর্থ্য বোঝাল ভারত

ওভালে আগে ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে ৩৫৩ রানের লক্ষ্য দিয়েছে ভারত।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগের ম্যাচে নিজেদের সামর্থ্য দেখানোর তেমন সুযোগ পাননি ভারতীয় ব্যাটসম্যানরা। এক রোহিত শর্মাই তো অর্ধেক রান করে ফেলেছিলেন! আজ দ্বিতীয় ম্যাচে এসে সুযোগ পেয়ে কী দুর্দান্তভাবেই না কাজে লাগালেন তাঁরা! কেন ভারতকে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের অন্যতম ফেবারিট বলা হচ্ছে, তার প্রমাণ আরও একবার দিল বিরাট কোহলির দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৫ উইকেটে ৩৫২ রান করেই থেমেছে ভারত।
জিততে হলে রেকর্ড ভেঙেই জিততে হবে অস্ট্রেলিয়াকে। বিশ্বকাপে সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ডটি আয়ারল্যান্ডের দখলে। ২০১১ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ৩২৮ তাড়া করে জিতেছিল আয়ারল্যান্ড। একটি রেকর্ড অবশ্য প্রথম ইনিংস শেষেই হয়ে গেছে। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ইনিংসে এত রান করতে পারেনি আর কোনো দল।
শুরুটা দেখে অবশ্য বোঝার উপায় ছিল না, অস্ট্রেলিয়াকে এত বিশাল লক্ষ্য দিতে চলেছে ভারত। প্রথম ১০ ওভারে রান উঠল মাত্র ৪১। বাউন্ডারিও মাত্র চারটি, যার মধ্যে তিনটিই আবার এক ওভারে। কিন্তু ১০ ওভার পার হতেই হাত খুলতে শুরু করেন দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। দুজনের মধ্যে বেশি আগ্রাসী ছিলেন ধাওয়ানই। ৫৩ বলে ফিফটি তুলে নেওয়া ধাওয়ান থেমেছেন ওয়ানডেতে নিজের ১৬তম সেঞ্চুরিটি করেই । ১০৯ বলে ১১৭ রান করে আউট হয়েছেন মিচেল স্টার্কের বলে।
আরেক ওপেনার রোহিত ফিফটির আগে থামেননি। আরও বেশি ভয়ংকর হয়ে ওঠার আগে কোল্টার-নাইল তাঁকে ফিরিয়েছেন ৫৭ রানে। অবশ্য ম্যাচের দ্বিতীয় ওভারেই ফিরতে পারতেন তিনি, যদি না শর্ট মিড উইকেটে ক্যাচ ছাড়তেন এই কোল্টার-নাইল।
রোহিত ফিরলেও ভারতের রানের চাকা থেমে থাকেনি। বরং অধিনায়ক কোহলি এসে নিজের হাতে ম্যাচের নিয়ন্ত্রণ তুলে নিয়েছেন। আগের ম্যাচে খুব বেশি রান করার সুযোগ পাননি, আজ যেন সেটা সুদে-আসলে উশুল করে নিতে চাইলেন ওয়ানডে র্যাঙ্কিংয়ের সেরা ব্যাটসম্যান। ৭৭ বলে ৮২ করে ফিরেছেন একদম শেষ ওভারে। তবে শেষ দিকে আরেকটু হাত খুলতে পারলে হয়তো সেঞ্চুরিটাও পেতেন তিনি।
বড় সংগ্রহের আশায় ৪ নম্বরে লোকেশ রাহুলের পরিবর্তে ভারত নামিয়েছিল হার্ড হিটার হার্দিক পান্ডিয়াকে। নিজের কাজটা ঠিকই করে দিয়েছেন এই অলরাউন্ডার। ৪ চার ও ৩ ছয়ে খেলেছেন ২৭ বলে ৪৮ রানের ঝোড়ো ইনিংস। শেষ দিকে নেমে ১৪ বলে ২৭ রানের ক্যামিও খেলেছেন মহেন্দ্র সিং ধোনিও।
ভারতীয় ব্যাটসম্যানদের দাপুটে ব্যাটিংয়ের সামনে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি অস্ট্রেলিয়ান বোলাররা। আগের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ উইকেট পাওয়া স্টার্ক আজ উইকেট পেলেন মাত্র ১টি, রানও দিয়েছেন ওভারে ৭-এর বেশি। বাকি দুই পেসার প্যাট কামিন্স ও কোল্টার-নাইল ১টি করে উইকেট পেলেও ত্রাস ছড়াতে পারেননি ভারতের ব্যাটিং লাইন-আপে। ভারতের মাটিতে দুই দলের সর্বশেষ সিরিজে কোহলিকে বেশ ভুগিয়েছিলেন লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। আজ তিনিও সুবিধা করতে পারেননি। মাত্র ৬ ওভার বল করে খরচ করেছেন ৫০ রান।
তবে অস্ট্রেলিয়াকে আশা জোগাতে পারে ইতিহাস। ২০১৭ সালে এই ইংল্যান্ডেই ভারতের দেওয়া ৩২২ রানের লক্ষ্য ৮ বল ও ৭ উইকেট হাতে রেখেই পেরিয়ে গিয়েছিল শ্রীলঙ্কা। ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথকে ফিরে পেয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন-আপও এই বিশ্বকাপে বেশ শক্তিশালী। পাহাড়সম এই লক্ষ্য তাড়া করতে হলে স্মিথ-ওয়ার্নারসহ বাকি ব্যাটসম্যানদেরও জ্বলে উঠতে হবে।