অস্ট্রেলিয়াকে পাঁচে নামাল বাংলাদেশ

দ্য ইনভিন্সিবল! একসময় এ নামেই ডাকা হতো তাদের। ডন ব্র্যাডম্যানের সেই অস্ট্রেলিয়া তাদের দাপট ধরে রেখেছে দীর্ঘ সময়। স্টিভ ওয়াহর অস্ট্রেলিয়া তো নিজেদের নিয়ে গিয়েছিল আরেক উচ্চতায়। সেই অস্ট্রেলিয়া চার দিনে টেস্ট হেরে আজ র্যাঙ্কিংয়ের পাঁচে আবিষ্কার করবে নিজেদের। ২০১০ সালেও একবার পাঁচে নেমেছিল অস্ট্রেলিয়া। তখন এটাই ছিল টেস্টে তাদের সর্বনিম্ন অবস্থান।
এই সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়া অবশ্য চারে ছিল। এক পরাজয়ে তিনটি মহামূল্য রেটিং পয়েন্ট হারিয়ে তাদের পয়েন্ট এখন হয়ে গেল ৯৭। নেমে গেল পাঁচে। আর বাংলাদেশের এই এক জয়ে ৪ রেটিং পয়েন্ট বাড়ল। কাল ইংল্যান্ডের বিপক্ষে অমন অবিশ্বাস্য জয় না পেলে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের পয়েন্ট ব্যবধান তখন নেমে আসত ভগ্নাংশে।
অস্ট্রেলিয়া এখন সিরিজের শেষ টেস্ট জিতলেও পাঁচ থেকে চারে উঠে আসতে পারবে না। তবে বাংলাদেশের সামনে আটে উঠে আসার সম্ভাবনা থাকল। বাংলাদেশ যদি ২-০-তে সিরিজ জেতে, আর ওদিকে ওয়েস্ট ইন্ডিজ যদি ২-১-এ সিরিজ হারে, তাহলে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাত্র দুই ধাপ পরে নিজেদের আবিষ্কার করতে পারবে। অস্ট্রেলিয়া যে তখন নেমে আসবে ছয়ে!
টেস্ট র্যাঙ্কিংয়ে দলগুলোর অবস্থান
দল | অবস্থান | রেটিং পয়েন্ট |
ভারত | ১ | ১২৫ |
দক্ষিণ আফ্রিকা | ২ | ১১০ |
ইংল্যান্ড | ৩ | ১০৩ |
নিউজিল্যান্ড | ৪ | ৯৭ |
অস্ট্রেলিয়া | ৫ | ৯৭ |
পাকিস্তান | ৬ | ৯৩ |
শ্রীলঙ্কা | ৭ | ৯০ |
ওয়েস্ট ইন্ডিজ | ৮ | ৭৮ |
বাংলাদেশ | ৯ | ৭৩ |
জিম্বাবুয়ে | ১০ | ০ |
* ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচের পর অবস্থান