অ্যাডিলেডে ৩৬ রানে অলআউট ভারত। অধিনায়ক ও সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি নেই। মূল পেসার মোহাম্মদ শামি নেই। আগে থেকেই নেই ইশান্ত শর্মা, রোহিত শর্মার মতো অভিজ্ঞরা।
টেস্ট শুরু হলে আবার চোটে ছিটকে পড়েন উমেশ যাদব। এত কিছুর পরও মেলবোর্নে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়েছে ভারত।
যে অস্ট্রেলিয়ার কাছে ৩৬ রানের লজ্জা পেতে হয় ভারতকে, সেই অস্ট্রেলিয়াকেই মেলবোর্নের মাঠে হেসেখেলে হারায় ভারত। এমন হার অস্ট্রেলীয়দের নিশ্চয়ই হজম হওয়ার কথা নয়।
কারণ, মেলবোর্নে বক্সিং ডে টেস্টে হার অস্ট্রেলিয়া সহজভাবে নিতে পারে না।
ভারতের কাছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন টেস্ট হার নিয়ে মজার এক কথা বলেছেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার।
নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব বলেছেন, ‘অস্ট্রেলিয়াকে ভারত যেভাবে হারিয়েছে, দেখে মনে হবে যেন বস্তাবন্দী মানুষকে মারা হয়েছে।’
তবে ৩৬ রানের লজ্জার পর ভারতের ঘুরে দাঁড়ানোর প্রশংসা করেছেন তিনি, ‘ক্রিকেটীয় ব্যক্তিত্ব দুঃসময়ে তৈরি হয় না, প্রদর্শিত হয়। ভারত তাদের প্রতিভার প্রদর্শনী করেছে যখন তারা গভীর দুঃসময়ে ছিল। এটাই ভারতীয় দলের চরিত্র।’
মেলবোর্ন টেস্ট ভারতের জন্য ছিল না থাকার ম্যাচ। বেশ কিছু তারকা ক্রিকেটার ছাড়া খেলতে নেমে ভারত কেমন করে, সেটিই ছিল আলোচনার বিষয়।
কিন্তু অধিনায়ক অজিঙ্কা রাহানের সেঞ্চুরি সব স্নায়ুর চাপ কমিয়ে দেয়। উমেশকে হারালেও জশপ্রীত বুমরা, রবিচন্দ্রন অশ্বিনরা একজন বোলারের অনুপস্থিতি বুঝতেই দেননি।
শোয়েব বলছিলেন, ‘ম্যাচের সেরা অংশ ছিল ভারত হৃদয় নিংড়ে ও সাহস দেখিয়ে খেলেছে। তাদের তিন তারকা ক্রিকেটার ছিলেন না। তাতে কিছুই হয়নি। অজিঙ্কা রাহানে নীরবে তাদের সাফল্যের দিকে নিয়ে গেছেন। কিন্তু এখন তাঁর সাফল্য নিয়েই সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। কথায় আছে, কঠোর পরিশ্রমটা নীরবে করে যাও এবং সাফল্যকে শব্দ করতে দাও।’
মেলবোর্ন টেস্টে অভিষেক ঘটেছে হায়দরাবাদের পেসার মোহাম্মদ সিরাজের। মোহাম্মদ শামির বড় শূন্যস্থান পূরণ করার দায়িত্ব ছিল সিরাজের। দুই ইনিংসে পাঁচ উইকেট নিয়ে তা করে দেখিয়েছেন এই তরুণ পেসার।
তরুণ ওপেনার শুভমান গিল দুই ইনিংসেই দেখিয়েছেন, তিনি আন্তর্জাতিক ক্রিকেটে জায়গা বানাতে এসেছেন।
শোয়েবের মুখেও শোনা গেল এই দুই তরুণদের প্রশংসা, ‘ভারত সিরাজকে নিয়েছে। সে নিয়েছে পাঁচ উইকেট। যে কিনা তার বাবার মৃত্যুর সময় পাশে থাকতে পারেনি। কিন্তু সে নিজের বাবাকে সম্মান জানিয়েছে নিজের পারফরম্যান্স দিয়ে। গিলকে দেখেই মনে হয়েছে, সে একদিন বড় তারকা হবে। ভারত তাদের চরিত্র দেখিয়েছে, হৃদয় দিয়ে খেলেছে। সাহস দিয়ে খেলেছে।’
এমন দলের খেলা দেখতে কার না ভালো লাগে? শোয়েবও তাই চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সাফল্যে খুশি, ‘প্রথম টেস্টে যেভাবে হেরেছে, সেখান থেকে তাদের নুয়ে পড়ার কথা। কিন্তু তারা সেটা হতে দেয়নি। চ্যালেঞ্জের সামনে ওরা ঘুরে দাঁড়িয়েছে। যখন কোনো দল এভাবে তাদের চরিত্র দেখায়, তখন কোন ধর্ম বা দেশ খেলছে, সেটা গুরুত্বপূর্ণ মনে হয় না। আপনার এমনিতেই ভালো লাগবে।’