অস্ট্রেলিয়াকে লড়াইয়ে রাখলেন হেড

ট্র্যাভিস হেড যে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান সেটা জার্সি না দেখেও আজ বলে দেওয়া সম্ভব। শেষ ব্যাটসম্যানকে সঙ্গী পাওয়ার পরও যেভাবে লড়লেন, দলকে লড়ার পুঁজি এনে দিলেন, তাতে অস্ট্রেলীয় দৃঢ় মানসিকতার ছবিই ফুটে উঠল। হেডের অপরাজিত ৭১ রানের সুবাদে অলআউট হতে হয়নি অস্ট্রেলিয়া। ৯ উইকেটে ২৭৭ রান করে জমাট এক ম্যাচের প্রতিশ্রুতিই যেন দিয়ে রাখল অস্ট্রেলিয়া।
আজ ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচের দিকে তাকিয়ে আছে বাংলাদেশও। এ ম্যাচে অস্ট্রেলিয়া হারলে কিংবা ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেলে ইংল্যান্ডের সঙ্গী হয়ে সেমিফাইনালে যাবে বাংলাদেশ। এখন পর্যন্ত ম্যাচের যে পরিস্থিতি, তাতে দুটিই পথ খোলা আছে বাংলাদেশের সামনে! অথচ ইনিংসে প্রথমার্ধ পর্যন্ত অস্ট্রেলিয়াই এগিয়ে গিয়েছিল।
সেমিফাইনাল নিশ্চিত করার ম্যাচে ৪০ রানে প্রথম উইকেট হারাল অস্ট্রেলিয়া। তবে ডেভিড ওয়ার্নারের (২১) বিদায়েও অস্ট্রেলিয়ার রান তোলায় অবশ্য কোনো অসুবিধা হয়নি। অ্যারন ফিঞ্চ ও স্টিভেন স্মিথের দ্বিতীয় উইকেট জুটিতে ম্যাচের রাশ টেনে অস্ট্রেলিয়ার দিকে চলে যায়। স্বভাবসুলভ চার-ছক্কার ফুলঝুরি ছিল না। তবু যখন ফিফটি ছুঁলেন ফিঞ্চ, দেখা গেল মাত্র ৪৭টি বল লেগেছে তাঁর! ম্যাচের নিয়ন্ত্রণ যখন পুরোপুরি অস্ট্রেলিয়ার হাতে, তখনই ভুল করলেন ফিঞ্চ। বেন স্টোকসের বলটা মাঠছাড়া করতে গিয়ে এউইন মরগানের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন এই ওপেনার। ৬৪ বলে ৬৮ রান করতে ৮টি চার মেরেছেন তিনি। ৯৬ রানের দ্বিতীয় উইকেট জুটির পর তৃতীয় উইকেট জুটিতে এল ২৫ রান। আদিল রশিদের বলে সহজতম এক ক্যাচ দিয়েছেন ময়েজেস হেনরিকেস। তবু অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখতে হচ্ছিল, স্টিভ স্মিথ যে অন্য প্রান্তে আছেন!
স্মিথ নিজেই সে ঝামেলা চুকালেন ৩৩তম ওভারে। মার্ক উডের দ্বিতীয় শিকার হয়ে মিড অফে ক্যাচ অনুশীলন করিয়ে এসেছেন স্মিথ (৫৬)। অস্ট্রেলিয়াও হঠাৎ পড়ে গেল বিপাকে (১৮১/৪)। তারপরও অস্ট্রেলিয়ার রান তোলার গতি কমেনি। হেড ও ম্যাক্সওয়েল ৫৮ রানের জুটিতে তিন শ ছাড়ানোর হুমকি দিচ্ছিলেন। ৪৩তম ওভারে জেসন রয়ের দুর্দান্ত এক ক্যাচে ম্যাক্সওয়েল ফেরার পর পাল্টে যায় পরিস্থিতি। উড ও রশিদের যৌথ আক্রমণে ১৫ রানে ৫ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। ২৫৪ রানে ৯ উইকেট হারিয়ে যখন অলআউট হওয়ার অপেক্ষায় অস্ট্রেলিয়া, তখনই নিজের জাত চেনালেন হেড। জশ হ্যাজলউডকে নিয়ে ২০ বলে ২৩ রান যোগ করেছেন হেড, এতে হ্যাজলউডের অবদান ১!