অস্ট্রেলিয়াকে সতর্কবার্তা
দুই টেস্টের সিরিজে অস্ট্রেলিয়া বাংলাদেশকে উড়িয়ে দেবে—এমন ভাবনাকে বোকামি মনে করছেন স্টুয়ার্ট ল। সাবেক এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার বরং অস্ট্রেলিয়া দলকেই দিচ্ছেন সতর্কবার্তা, ‘সাম্প্রতিক সময়ে বাংলাদেশ যেমন খেলছে, তার কাছাকাছি মানের ক্রিকেট খেললেও শক্ত প্রতিদ্বন্দ্বিতায় পড়তে হবে অস্ট্রেলিয়াকে। বাংলাদেশ লড়াইয়ের জন্য প্রস্তুত।’
আগামী মাসের দুই টেস্টের সিরিজে কোনো দলকেই ফেবারিট দেখেন না সাবেক এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের টেকনিক্যাল অ্যাডভাইজার কাল মিরপুরের একাডেমি মাঠে দাঁড়িয়ে বলছিলেন, ‘দুই ঘোড়ার দৌড়ে কোনো ফেবারিট থাকে না। আপনি যদি সেখান থেকে ফেবারিট বাছতে যান, তাহলে আপনি উন্মাদ।’
অস্ট্রেলিয়া দল তরুণ ও অনভিজ্ঞ। লর ভাষায়, ‘ওরা পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে। অভিজ্ঞ ক্রিকেটারদের অনুপস্থিতি বড় একটা শূন্যতা এনেছে।’ এবারের সফরে দলটা তাই অনেক বাধার মুখে পড়বে বলে মনে করছেন বাংলাদেশ দলের সাবেক কোচ, ‘প্রচণ্ড গরম পড়ছে এখন। বল টার্ন করবে। তা ছাড়া এখানকার জীবনযাপনে অভ্যস্ত হওয়াও একটা ব্যাপার। অনেক বাধা ডিঙাতে হবে ওদের।’ পরে অবশ্য মনে করিয়ে দিলেন, ‘যারা আসবে ওরা কিন্তু অস্ট্রেলিয়ার হয়েই খেলবে। বাংলাদেশকেও তাই ভালো খেলতে হবে।’