অস্ট্রেলিয়াকেও অভয় দিচ্ছেন ডিকাসন

ইংল্যান্ড তো সুন্দরভাবে বিদায় নিল, অস্ট্রেলিয়া কি আসবে? অস্ট্রেলিয়া সফরের অবশ্য এখনো ঢের বাকি। তবে প্রশ্নটা উঠছে।কুক-রুটদের এই সিরিজটা বাংলাদেশের জন্য শুধু ক্রিকেট নয়, ক্রিকেটের বাইরের অনেক বিষয়ের কারণেও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল। গত জুলাইয়ে গুলশানে সন্ত্রাসী হামলার কারণে সিরিজটা যে না হওয়ার শঙ্কাই বেশি ছিল। তবে সব শঙ্কাকে পেছনে ঠেলে দিয়ে বেশ ভালোভাবেই চলেছে মাঠের ক্রিকেট। বাংলাদেশের নিরাপত্তা ও আতিথেয়তায় ভীষণই সন্তুষ্ট হয়ে যাওয়ার আগে বড় একটা ধন্যবাদও দিয়ে গেছে ইংলিশরা।
আগামী বছরের আগস্টে আসার কথা অস্ট্রেলিয়ার। গত বছরের অক্টোবরে এই সিরিজ হওয়ার কথা ছিল। অস্ট্রেলিয়াকে এখনই অভয় দিচ্ছেন রেগ ডিকাসন। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নিরাপত্তা কর্মকর্তার প্রতিবেদনই বাংলাদেশে আসতে সাহস জুগিয়েছে কুকদের। বাংলাদেশের নিরাপত্তা পরিকল্পনায় পুরোপুরি আস্থা পেয়েই ডিকাসন ইংল্যান্ডের খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছিলেন। এবার তিনি অভয় দিচ্ছেন অস্ট্রেলিয়াকেও। সবচেয়ে বড় কথা, ডিকাসন নিজে কিন্তু একজন অস্ট্রেলীয়। মেলবোর্নে কাজ করেছেন পুলিশকর্তা হিসেবে।
ইংল্যান্ড সিরিজ চলার সময়ই ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নিরাপত্তা উপদেষ্টা শন ক্যারল বাংলাদেশে এসে নিরাপত্তার সব আয়োজন নিজের চোখে দেখে গিয়েছিলেন। সেটি দেখেই ডিকাসনের মন্তব্য, ‘ওরা (ইংল্যান্ড সিরিজের সময়) বাংলাদেশে এসেছে, আমাদের কেমন নিরাপত্তা দেওয়া হয়েছে সেটা দেখেও গেছে। আমি ২০ বছর ধরে নিরাপত্তা নিয়ে কাজ করছি, সম্ভবত এই নিরাপত্তা পরিকল্পনাটাই ছিল সবচেয়ে সেরা, পুঙ্খানুপুঙ্খ।’
নিজের দেশকে বাংলাদেশকে আসতে দেখতে চান ডিকাসন। যদিও সিদ্ধান্ত নেওয়ার ভারটা সিএর ওপরই ছেড়ে দিলেন, ‘এখানকার নিরাপত্তা ব্যবস্থার চেয়ে ভালো কিছু করা কঠিন। তবে ওরা (অস্ট্রেলিয়া) আসবে কি আসবে না, সেটি তো ওদের হয়ে আমি বলে দিতে পারি না। গত কয়েক দিনে শন ক্যারল আমার সঙ্গে কয়েকবার কথা বলেছেন, আমি তাঁকে আমাদের এখানকার অভিজ্ঞতা জানিয়েছি। ওরাও ইতিবাচকই আছে।’
এখন অস্ট্রেলিয়ার সিদ্ধান্তের অপেক্ষা।