অস্ট্রেলিয়াকেও হারাল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৃষ্টিপ্রতিবন্ধীদের বিশ্বকাপ ক্রিকেটে ছুটে চলেছে বাংলাদেশের জয়রথ। দক্ষিণ আফ্রিকা, নেপাল, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ডের পর কাল বান্দ্রার কুরলা কমপ্লেক্সে অস্ট্রেলিয়াকে ৯ রানে হারিয়েছে বাংলাদেশ দল।

 আগে ব্যাট করা বাংলাদেশকে দুর্দান্ত শুরু এনে দেন দুই ওপেনার আবদুল মালেক ও মোহসিন হোসেন। ওপেনিং জুটিতে আসে ১৭১ রান। রানআউটে কাটা পড়ার আগে মালেক করেছেন ৭৮ এবং মোহসিন ৮১ রান করে বোল্ড হয়েছেন ডেভিড হেভেনের বলে। ২০ ওভারে বাংলাদেশের স্কোর ২ উইকেটে ২১০। ওপেনার স্টিফেন পালমারের সেঞ্চুরির পরও জিততে পারেনি অস্ট্রেলিয়া। পাঁচ উইকেটে তারা করেছে ২০১ রান।

ভারতের কাছে হার দিয়ে শুরু হয়েছিল টুর্নামেন্ট। এরপর টানা পঞ্চম ম্যাচ জয়—বাংলাদেশ এখন পয়েন্ট তালিকার তিনে। ১০ দলের এ টুর্নামেন্টে পয়েন্ট তালিকার সেরা চারটি দল খেলবে সেমিফাইনালে। আজ বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড। লিগ পর্বে এরপর খেলা বাকি থাকবে পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে।