অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটারের সঙ্গে ডিনারের শখ ভারতীয় ওপেনারের

এখন হয়তো দলে তাঁর ঠাঁই নেই। কিন্তু ভারতের হয়ে শিখর ধাওয়ানের সঙ্গে অনেকবারই টেস্টে ইনিংস ওপেন করেছেন মুরালি বিজয়। নিজের ব্যাটিং সঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালোই থাকার কথা তাঁর। সেটা আছেও বৈকি। বন্ধু বা আড্ডার সঙ্গী হিসেবে বিজয়ের পছন্দ তালিকায় তাই ধাওয়ান থাকতেই পারেন। আর ডিনারের সঙ্গী? বিজয়ের এই তালিকায়ও ধাওয়ান আছে। তবে যাঁর সঙ্গে কখনো খেলেননি বা খুব বেশি একটা দেখা বা কথাও হয়নি, বিজয়ের পছন্দের তালিকায় আছেন এমন একজনও।
এক সঙ্গে রাতের খাবার খেতে চান—বিজয়ের এই পছন্দের তালিকায় সবার ওপরে আছেন একজন নারী ক্রিকেটার। আর তিনি অস্ট্রেলিয়ার অ্যালিস পেরি। সম্প্রতি ক্রীড়া অনুষ্ঠানের প্রযোজক রুপা রামানির সঙ্গে ইনস্টাগ্রামে একটি সাক্ষাৎকার দিয়েছেন বিজয়। সেখানে রুপা তাঁকে একটি প্রশ্ন করেছিলেন—এক সঙ্গে রাতের খাবার খেতে যেতে চান, এমন দুজন ক্রিকেটারের নাম বলুন।
এই প্রসঙ্গে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটার অ্যালিস পেরিকে ‘সুন্দর’ উল্লেখ করে বিজয় বলেছেন, ‘অ্যালিস পেরি। আমি তাঁর সঙ্গে রাতের খাবার খেতে যেতে চাই। সে খুব সুন্দর।’ এরপর একটু থেমে দ্বিতীয় ক্রিকেটারের নামটি বলেন বিজয়, ‘শিখর ধাওয়ানের সঙ্গেও আমি যে কোনো দিন রাতের খাবার খেতে যেতে পারি। সে খুব মজার মানুষ। যদিও সে হিন্দিতে কথা বলে আর আমি বলি তামিল ভাষায়।’