অস্ট্রেলিয়ানের ক্যাচ ছাড়ায় ভারতীয় কিপারে হতাশ পন্টিং
উইল পুকোভস্কি যে ফিফটি করে টেস্টে অভিষেক ইনিংসটা রাঙিয়েছেন, সে জন্য সবচেয়ে বড় ধন্যবাদ কে পাবেন?
পুকোভস্কিকে সে প্রশ্ন করলে কে জানে হয়তো পুরস্কার বিতরণীতে ওঠা কোনো পুরস্কারজয়ীর মতো অস্ট্রেলিয়ান ওপেনার বলতে শুরু করবেন, ‘প্রথমে ধন্যবাদ আমার মা-বাবাকে, তারপর ধন্যবাদ আমার কোচদের। ধন্যবাদ জানাই ক্রিকেট অস্ট্রেলিয়াকে আমাকে এই টেস্টে সুযোগ করে দেওয়ার জন্য...।’
মুখে না বললেও মনে মনে একটা ধন্যবাদ ঋষভ পন্তকেও দেবেন পুকোভস্কি। আজ যে সিডনি টেস্টের প্রথম দিনে শেষ পর্যন্ত আউট হওয়ার আগে ৬২ রানের ইনিংসটি খেলতে পেরেছেন পুকোভস্কি, তাতে যে পন্তের দুটি ক্যাচ ছাড়ারও বড় অবদান। তবে পন্তকে এভাবে ক্যাচ ছাড়তে দেখে বেশ অখুশি কিংবদন্তি অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং।
পন্টিংয়ের চোখে, উইকেটকিপিংয়ে অনেক উন্নতি করার বাকি আছে পন্তের। ভারতীয় উইকেটকিপারকে নিয়ে বিশ্লেষণে ক্রিকেট অস্ট্রেলিয়ায় পন্টিং যা বলেছেন, তা পন্তকে একটু লজ্জাই দেবে হয়তো, ‘আমি সব সময়ই বলেছি, ঋষভকে নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হবে ওর উইকেটকিপিংয়ের কারণেই। টেস্ট ক্রিকেটে ওর অভিষেকের পর থেকে ও যত ক্যাচ ছেড়েছে, বিশ্বে আর কোনো উইকেটকিপার অত ক্যাচ ছাড়েনি। এটাই বোঝায়, কিপিং নিয়ে ওর অনেক কাজ করতে হবে।’
এক অস্ট্রেলিয়ানের ক্যাচ ভারতীয় উইকেটকিপার ছেড়েছেন, এতে তো পন্টিংয়ের খুশিই হওয়ার কথা। তবু ঋষভ পন্তকে নিয়ে পন্টিংয়ের এত কথা বলার কারণ? সুতোটা টানা আইপিএলে। ভারতীয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টটিতে ঋষভের দল দিল্লি ক্যাপিট্যালসের কোচ যে ছিলেন পন্টিংই। নিয়মিত অনুশীলনে দেখার অভিজ্ঞতা থেকে ২১ বছর বয়সী ঋষভকে তাই ভালোই চেনা অস্ট্রেলিয়ান কিংবদন্তির।
সিডনিতে আজ প্রথমবার পুকোভস্কি ২৬ রানে থাকার সময়ে রবিচন্দ্রন অশ্বিনের বলে তাঁর ক্যাচ ছেড়েছেন পন্ত। তিন ওভার পর আবার! এবার বোলার মোহাম্মদ সিরাজ। তাঁর বাউন্সারে পুল করতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করে ফেলেন পুকোভস্কি, গ্লাভসে লেগে বল ওপরে উঠে যায়। পেছনে গিয়ে পন্ত ক্যাচ নিতে চেষ্টা করেছিলেন, কিন্তু প্রথমবারের চেষ্টায় বল ধরতে পারেননি। দ্বিতীয়বারে ধরেছিলেন, ভারতীয় ফিল্ডাররা উল্লাসও করেছিলেন, কিন্তু পরে রিপ্লেতে দেখা যায়, পন্ত ক্যাচ ধরার আগে বল মাটি ছুঁয়েছে। পুকোভস্কির রান তখন ৩২।
শেষ পর্যন্ত পুকোভস্কি যে সেঞ্চুরি-টেঞ্চুরি করে ফেলেননি, তাতেই পন্ত স্বস্তি পাবেন বলে মনে হচ্ছে পন্টিংয়ের, ‘আজ ও (পন্ত) যে দুটো ক্যাচ ছেড়েছে, দুটিই ধরার মতো। ঋষভ ভাগ্যবান যে পুকোভস্কি বড় সেঞ্চুরি বা ডাবল সেঞ্চুরি করেনি। আমি নিশ্চিত ক্যাচগুলো ছাড়ার পর পন্ত সবচেয়ে খারাপ কিছুর শঙ্কাই করছিল, হয়তো ভাবছিল, “এই যে, এখনই ও আমাকে এর মূল্য দিতে বাধ্য করবে।” কিন্তু পুকোভস্কি সেটা করতে পারেনি।’
গত টেস্টেও অশ্বিনের বলে প্যাট কামিন্সের ক্যাচ ছেড়েছিলেন পন্ত।