অস্ট্রেলিয়ার অপেক্ষা বাড়াল বৃষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ার জয়ের পথে বাধা হয়ে ছিলেন উইলিয়ামসন। তিনিও আউট হয়ে গেলেন বৃষ্টির ঠিক আগে আগেই। ছবি: রয়টার্স
অস্ট্রেলিয়ার জয়ের পথে বাধা হয়ে ছিলেন উইলিয়ামসন। তিনিও আউট হয়ে গেলেন বৃষ্টির ঠিক আগে আগেই। ছবি: রয়টার্স

জয়-পরাজয় নির্ধারিত হয়ে গেলে কি আর খেলার মজা থাকে? ব্রিসবেন টেস্টের মজাও তাই একরকম শেষই হয়ে গিয়েছিল। তিন দিন শেষে প্রশ্ন ছিল একটাই—অস্ট্রেলিয়া কত রানে জিতবে? একটু উত্তেজনা ঢালার জন্যই বোধ হয় হস্তক্ষেপের সিদ্ধান্ত নিল প্রকৃতি। বৃষ্টির কারণে চতুর্থ দিনের অনেকটাই নষ্ট হয়ে যাওয়ায় ম্যাচ বাঁচানোর আশাও এখন করতে পারছে নিউজিল্যান্ড।
আজ চতুর্থ দিনে সারা দিনে খেলা হয়েছে মাত্র ৫৩ ওভার। সকালেই অস্ট্রেলীয় অধিনায়ক স্টিভ স্মিথ ইনিংস ঘোষণা করে দিয়েছেন। নিউজিল্যান্ডকে অলআউট করতে বোলারদের দিয়েছেন পুরো দুটি দিন। নিউজিল্যান্ডের জয়ের প্রসঙ্গ না তোলাই ভালো, কারণ সে জন্য তাদেরকে করতে হবে ৫০৪ রান। অসম্ভব বললেও যেন একটু কম বলা হয়। কিউই ব্যাটসম্যানরা তাই মাটি কামড়ে উইকেটে পড়ে থেকে হয়তো বৃষ্টির জন্যই প্রার্থনা করে গেছেন।
২২.৩ ওভারের উদ্বোধনী জুটিতে মাত্র ৪৪ রান তুলেছেন টম ল্যাথাম ও মার্টিন গাপটিল। ল্যাথাম আউট হয়ে যাওয়ার পর কেন উইলিয়ামসন নেমে রানের গতি বাড়ালেও উল্টো দিকে প্রস্তর যুগের ক্রিকেট ফিরিয়ে এনেছেন মার্টিন গাপটিল। দুজনের বিপরীতমুখী ব্যাটিংয়েই দ্বিতীয় উইকেটে ৫৪ রানের জুটি। লায়নের বলে মাত্র ২৩ রানে আউট হওয়ার আগে গাপটিল খেলেছেন ১৩৩ বল। কিছুক্ষণ পরেই উইলিয়ামসনকেও ফিরিয়ে দেন লায়ন। ১৩৬ রানেই ৩ উইকেট তুলে নিয়ে টেস্টটিকে অনুমিত পরিণতির দিকেই নিয়ে যাচ্ছিল। আর ৬ রান যোগ হওয়ার পর চা বিরতি। সেটিই হয়ে গেল দিনের শেষ। বিরতির সময় বৃষ্টি নামায় শেষ সেশনে আর খেলাই হয়নি।
নিউজিল্যান্ডের কাজটা এতে সহজ হয়ে গেল, তা নয়। একটু কম কঠিন হলো, এই আর কি! ৭ উইকেট নিয়ে সারা দিন কাটিয়ে দেওয়াটাও ইদানীং কালের ক্রিকেটে যথেষ্টই কঠিন। তবে বৃষ্টি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলে ভিন্ন কথা।