অস্ট্রেলিয়ার আশায় বাংলাদেশ
অস্ট্রেলিয়া ‘এ’ দলের ক্রিকেটাররা বাতিল করেছেন দক্ষিণ আফ্রিকা সফর। এতে চিন্তিত হওয়ার ব্যাপার আছে বাংলাদেশেরও। আগস্টে অস্ট্রেলিয়ার বাংলাদেশে আসাটা নতুন করে প্রশ্নের মধ্যে পড়ে গেল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অবশ্য এখনই নেতিবাচক চিন্তা করছে না। তাদের আশা, ঠিক সময়েই আসবে স্টিভ স্মিথরা।
দুটি বেসরকারি টেস্ট ও একটি ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্ট খেলতে শনিবার দক্ষিণ আফ্রিকায় রওনা হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়া ‘এ’ দলের। ক্রিকেটাররা আজ সকালেই জানিয়ে দেন, সফরে যাবেন না তাঁরা। উসমান খাজা, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাশটন অ্যাগার ও জ্যাকসন বার্ডের মতো জাতীয় দলের খেলোয়াড়েরা ছিলেন সফরের দলে। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) আর অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (এসিএ) দ্বন্দ্ব যে পর্যায়ে পৌঁছেছে, তাতে শঙ্কার ছায়া পড়েছে আগস্টে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরেও।

অস্ট্রেলিয়া ক্রিকেটের এই টালমাটাল অবস্থা নিয়ে অবশ্য ভাবছেন না বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। তিনি বরং সিরিজটা নিয়ে আশাবাদী, ‘আগস্টের মাঝামাঝি সময়ে তাদের আসার কথা। এ বিষয়ে মন্তব্য করার সময় এখনই নয়। আমরা আশাবাদী। এই মাসে অস্ট্রেলিয়ার পর্যবেক্ষক দল আসবে। তারা এসে কথা বলবে। আমরা আশা করছি, অস্ট্রেলিয়া ঠিক সময়েই আসবে।’
শেষমেশ অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা যদি বাংলাদেশ সফরও বাতিল করেন, বিসিবির করণীয় তখন কী হবে? বিসিবির প্রধান নির্বাহী জানালেন, এ নিয়ে বিকল্প ভাবনাও তাঁদের নেই, ‘আমরা বিকল্প কিছু ভাবছি না। বিকল্প ভাবনার সুযোগও সীমিত। যেহেতু অনেক দিন ধরে টেস্ট সিরিজ আয়োজনের কথা হচ্ছে। আমরা সেভাবে এগোচ্ছি।’