
প্রথমে ম্যাচের ফলটা বলে দেওয়া যাক, সম্ভবত সেটিই সবচেয়ে চমক-জাগানিয়া। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার কাছে ১৪২ রানে হেরেছে অস্ট্রেলিয়া!
নিজেদের ওয়ানডে ইতিহাসেই এর চেয়ে বড় ব্যবধানে অস্ট্রেলিয়া হেরেছে মাত্র চারবার। যদিও সর্বশেষটি গত ফেব্রুয়ারির ঘটনা, নিউজিল্যান্ডের কাছে ওয়ার্নার-স্মিথরা সেদিন হেরেছিলেন ১৫৯ রানে। তবে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া ম্যাচ বললে যেমন উত্তেজক ক্রিকেটের গন্ধ পাওয়া যায়, কাল জোহানেসবার্গে তার লেশমাত্রও কি ছিল? কি ব্যাটে, কি বলে—অস্ট্রেলিয়াকে স্রেফ গুঁড়িয়ে দিল প্রোটিয়ারা।
প্রথম ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করা কুইন্টন ডি কক কাল ফিরেছেন মাত্র ২২ রানে। তাতে কী! ‘সেঞ্চুরি’র দায়িত্বটা কাল তুলে নিলেন অধিনায়ক ফাফ ডু প্লেসি। ৯৩ বলের ইনিংসটিতে ছক্কা নেই একটিও, তবু স্ট্রাইক রেট ১২০! প্রায় প্রতি বলেই দৌড়ে রান নিলেন, সঙ্গে ‘বিলাসী’ শটের ১৩টি চার। ১১১ রানের ইনিংসটির দুই অর্ধে তাঁকে যোগ্য সঙ্গ দিলেন রাইলি রুশো ও জেপি ডুমিনি। ওপেনার রুশোর ৭৫ রান দিল ভরসা, আর চারে নামা ডুমিনির ৮২ রান এল ঝড় তুলে। তাতেই প্রোটিয়ারা চড়ল ৩৬১ রানের পাহাড়ে।
৩৬২ রানের লক্ষ্য তাড়া করতে যেমন আগ্রাসী ব্যাটিং দরকার, সেটি ঠিকই ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু পাশাপাশি উইকেট টিকিয়ে রাখার চ্যালেঞ্জটি যেন বেমালুম ভুলে গেল। প্রথম পাঁচ ব্যাটসম্যানের মধ্যে শুধু ওয়ার্নারই ফিফটি করলেন, বাকিরা সবাই এলেন-গেলেন। সঙ্গে ট্রাভিস হেডের ফিফটি না হলে অস্ট্রেলিয়ার ২০০ পেরোনোই কঠিন হতো। ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ৩৬১/৬ (ডু প্লেসি ১১১, ডুমিনি ৮২, রুশো ৭৫; হ্যাস্টিংস ৩/৫৭)
অস্ট্রেলিয়া: ৩৭.৪ ওভারে ২১৯/১০ (ওয়ার্নার ৫০, হেড ৫১, ওয়েড ৩৩; পারনেল ৩/৪০)।