অস্ট্রেলিয়ার ওয়ানডে দল থেকে বাদ ফিঞ্চ-বেইলি

অনেক দিন ধরেই অ্যারন ফিঞ্চ আর জর্জ বেইলির ফর্মটা ভালো যাচ্ছিল না। নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজে সেটা গিয়ে ঠেকেছিল একেবারে তলানিতে। ওয়ানডে দল থেকে তাঁদের বাদ পড়াটা বলতে গেলে অবধারিতই ছিল। এ দুজনকে বাইরে রেখেই পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল দিয়েছেন অস্ট্রেলিয়ার নির্বাচকরা। ১৪ জনের দলে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা ফাস্ট বোলার বিলি স্ট্যানলেক ও ব্যাটসম্যান ক্রিস লিন।
চার বছর আগে ওয়ানডে অভিষেকের পর থেকেই দলের নিয়মিত সদস্যই ছিলেন টপঅর্ডার ব্যাটসম্যান ফিঞ্চ। কিন্তু সবশেষ ১০ ম্যাচে মাত্র একটি ফিফটিসহ ২১৫ রান করেছেন ভিক্টোরিয়ার এই ব্যাটসম্যান। গত মাসে দেশের মাটিতে রিচার্ড-হ্যাডলি ট্রফির তিন ম্যাচে তাঁর রান ছিল ০, ১৯ ও ৩। ফিঞ্চের জায়গায় নির্বাচকেরা দলে ডেকেছেন উসমান খাজাকে। পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হারানো টেস্ট সিরিজে দারুণ ফর্মে ছিলেন তিনি। করেছেন তিনটি ফিফটি।
মিডলঅর্ডার ব্যাটসম্যান বেইলি তাঁর সবশেষ ১০ ওয়ানডেতে রান করেছেন ২৮৮। সবশেষ পাঁচ ইনিংসের অবস্থা খুবই বাজে। করেছেন মাত্র ৪৩ রান। বেইলির জায়গায় দলে আসা লিন অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশের চলতি মৌসুমে দারুণ খেলেছেন। পাঁচ ম্যাচে ১৫৪.৫০ গড়ে করেছেন ৩০৯ রান।

আগামী জুনে চ্যাম্পিয়নস ট্রফি। এর আগে বেঞ্চের শক্তিটা পরখ করে নিতে চায় অস্ট্রেলিয়া। নির্বাচক কমিটির অন্তর্বর্তীকালীন প্রধান ট্রেভর হনস সেই কথাই বললেন, ‘ওয়ানডের বিচারে এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি সিরিজ। নিউজিল্যান্ডে চ্যাপেল-হ্যাডলি সিরিজ আছে আমাদের। এরপর বছরের মাঝামাঝি (১ জুন থেকে শুরু) আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি।’ এসব বিবেচনা করেই অভিজ্ঞদের সঙ্গে তরুণদেরও সুযোগ দিতে চেয়েছেন অস্ট্রেলিয়ার নির্বাচকেরা। এখন পর্যন্ত মাত্র দুটি প্রথম শ্রেণির আর চারটি লিস্ট ‘এ’ ম্যাচ খেলা স্ট্যানলেককে এ কারণেই দলে নেওয়া। বিগ ব্যাশে চার ম্যাচে ছয়টি উইকেট নিয়েছেন ২২ বছর বয়সী এই ফাস্ট বোলার।
অস্ট্রেলিয়া-পাকিস্তান পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেটি ব্রিসবেনে ১৩ জানুয়ারি। সূত্র: ক্রিকইনফো।
অস্ট্রেলিয়া ওয়ানডে দল: স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স, জেমস ফকনার, জস হ্যাজলউড, ট্রাভিস হেড, উসমান খাজা, ক্রিস লিন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, বিলি স্ট্যানলেক, মিচেল স্টার্ক, ম্যাথু ওয়েড, অ্যাডাম জামপা।