অস্ট্রেলিয়ার কোহলি-জয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উড়ছেন নাথান লায়ন, ছুটছেন তাঁর সতীর্থরা। রোমাঞ্চকর দিনে দারুণ এক জয়ের উদ্‌যাপনে অস্ট্রেলিয়ানরা এমনই বাঁধনহারা l এএফপি
উড়ছেন নাথান লায়ন, ছুটছেন তাঁর সতীর্থরা। রোমাঞ্চকর দিনে দারুণ এক জয়ের উদ্‌যাপনে অস্ট্রেলিয়ানরা এমনই বাঁধনহারা l এএফপি

একেকটা মুহূর্ত কখন অনন্তকাল? সাফল্য আর ব্যর্থতার মাঝে ব্যবধান কতটা সূক্ষ্ম? বিরাট কোহলি এখন ভালো বলতে পারবেন!
তূণের সব অস্ত্র দিয়ে চেষ্টা করেছেন নাথান লায়ন। একটুও কাবু করতে পারেননি কোহলিকে। যুদ্ধজয়ী গ্ল্যাডিয়েটর হওয়ার গৌরব যখন কেবল সময়ের দূরত্ব, সেই কোহলি নিজেই ধরা দিলেন লায়নের কাছে! শর্ট বলটিকে চাইলে পাঠাতে পারতেন অনসাইডে যেকোনো জায়গায়। কোহলি তুলে দিলেন মিড উইকেট সীমানায় মিচেল মার্শের হাতে। ম্যাচের ভাগ্যও লেখা হয়ে গেল ওই মুহূর্তে।
পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচ স্থির হয়ে গেল অস্ট্রেলিয়ার দিকে। কোহলি সেটি জানতেন। মার্শের হাতে বল জমতেই তাই হতাশায় দুই হাত হাঁটুতে মুড়ে উইকেটেই থাকলেন কোহলি। কয়েক সেকেন্ড তখন যেন অন্তত কাল! বলটি লেগেছিল কোহলির ব্যাটের ওপরের দিকে। আর আধা ইঞ্চি নিচে লাগলেও হয়তো চলে যেত ফিল্ডারের নাগালের বাইরে। দারুণ এক জয় যখন ভারতের খুব কাছে, কোহলির আউটে সেটিই চলে গেল অনেক দূর। সাফল্য আর ব্যর্থতার ব্যবধান কাল মাত্র ‘আধা ইঞ্চি!’
অধিনায়কত্ব অভিষেকে টেস্ট ইতিহাসের সবচয়ে বেশি রান, মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে নেতৃত্বের অভিষেক জোড়া সেঞ্চুরি, ক্যারিয়ার-সেরা ইনিংস, অ্যাডিলেডে টানা তৃতীয় সেঞ্চুরি—কত কত কীর্তি। তার পরও কোহলি কাল ট্র্যাজেডির নায়ক। প্রায় ১৫ বছর আগে যেমন ট্র্যাজেডির নায়ক হয়েছিলেন শচীন টেন্ডুলকার। ১৯৯৯ সালের জানুয়ারিতে চেন্নাইতে পাকিস্তানের বিপক্ষে ২৭১ রান তাড়ায় ভারতকে প্রায় একাই টানছিলেন টেন্ডুলকার। কিন্তু সাকলায়েন মুশতাককে দুসরা উড়িয়ে মারতে গিয়ে আউট হলেন ১৩৬ রানে। টেন্ডুলকার ফেরার পর ২ রানে শেষ ৩ উইকেট হারিয়ে ভারত হেরেছিল ১২ রানে। কাল কোহলি ফেরার পর ভারত শেষ ৩ উইকেট হারাল ১১ রানে।
সেদিন টেন্ডুলকারের বীরত্ব ছাপিয়ে গিয়েছিলেন সাকলায়েন। কাল কোহলিকে ছাপিয়ে লায়ন। একসময় এখানেই ছিলেন মাঠকর্মী, অ্যাডিলেডের উইকেটে চালিয়েছেন রোলার। কাল সেখানেই সোনা ফলালেন। উইকেটে পেসারদের জন্য কিছু নেই। অস্ট্রেলিয়া তাকিয়ে ছিল এই অফ স্পিনারের দিকে, যদি উইকেটের ফুটমার্ক ও বাউন্স কাজে লাগিয়ে কিছু করতে পারেন! সংশয় ছিল, কাল চতুর্থ ইনিংসে ম্যাচ জেতাতে না-পারার দুর্নাম বরাবর সঙ্গী লায়নের। সেই লায়ন কাল সত্যিই হয়ে উঠলেন ‘সিংহ।’ একাই ৭ উইকেট, ম্যাচে ১২ উইকেট—ব্যাটসম্যানদের ম্যাচে তিনিই নায়ক। সাবেক লেগ স্পিনার স্টুয়ার্ট মাকগিল লায়নের এই পারফরম্যান্সকে তুলনা করেছেন ক্যাথি ফ্রিমানের কীর্তির সঙ্গে। ২০০০ সিডনি অলিম্পিকে গোটা জাতির প্রত্যাশার ভার বয়ে ৪০০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছিলেন ফ্রিম্যান।
কোহলি যদি ট্র্যাজেডির নায়ক হন, পার্শ্বনায়ক মুরালি বিজয়। চোয়ালবদ্ধ প্রতিজ্ঞার দুর্দান্ত এক ইনিংস খেলে সঙ্গ দিয়েছেন কোহলিকে। অনুমিতভাবেই আগের দিনের রানে ইনিংস ঘোষণা করেছেন ক্লার্ক। প্রথম সেশনে ধাওয়ান ও পূজারাকে হারায় ভারত। এরপর কোহলি-বিজয়ের ১৮৫ রানের জুটিতে অসম্ভবকে সম্ভব করার দুঃসাহস। ৯৯ রানে দাঁড়িয়ে একটু বেশিই ছটফট করেছেন বিজয়, শেষ পর্যন্ত লায়নের সোজা বল ক্রস খেলে এলবিডব্লু। এরপর বাকিরা ছিলেন যাওয়া-আসার মিছিলে। তার পরও কোহলি যতক্ষণ ছিলেন, ভারতের জয়টাই ছিল সবচেয়ে সম্ভাব্য। কোহলির আউটে উল্টে গেছে ছক। অসাধারণ ক্রিকেটের দিনের সৌন্দর্য খানিকটা কেড়ে নিয়েছে বাজে আম্পায়ারিং। ২৪ রানে বিজয়, ৮৫ রানে কোহলি পরিষ্কার আউট হলেও দেননি আম্পায়ার। আবার বাজে সিদ্ধান্তের শিকার ধাওয়ান ও রাহানে।
ভারতের শেষ উইকেট নিয়েই পাখির মতো ডানা মেলে লায়ন উড়ে গেলেন মাঠের ওই ৪০৮ লেখা জায়গাটায়। ৪০৮ পাশে রেখেই অস্ট্রেলিয়ার আনন্দবৃত্ত। দৃশ্যটি হয়ে উঠল প্রতীকী। ৪৮ রানে জয়, মাঝের ওই ‘০’ না-থাকা যেন আসলেই শূন্যতা। ৪০৮ নম্বরের শূন্যতা, নেই ফিল হিউজ! তথ্যসূত্র: স্টার স্পোর্টস, ক্রিকইনফো।

.
.