অস্ট্রেলিয়ার ক্রিকেটে ফিরতে চান স্টিভ ওয়াহ

ভাই মার্ক ওয়াহ দুই বছরেরও বেশি সময় ধরে নির্বাচক কমিটির সদস্য। ভাইকে দেখে অবশ্যই নয়, অস্ট্রেলিয়ার ক্রিকেটে আবারও ভূমিকা রাখার জন্যই নির্বাচক হতে চান স্টিভ ওয়াহ।
এই মুহূর্তে অস্ট্রেলিয়ার নির্বাচক কমিটির প্রধান সাবেক উইকেটকিপার রডনি মার্শ। দেশের বাইরে সময়টা খুবই খারাপ কাটছে অস্ট্রেলীয় ক্রিকেট দলের। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে পরাজয়ের পর দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজে ৫-০-তে হারা, গোটা দলের সঙ্গে কাটাছেঁড়া হচ্ছে নির্বাচক কমিটির পারফরম্যান্স নিয়েও। জানা গেছে, এই মৌসুমের শেষে রডনি মার্শের চুক্তি আর বাড়ানো হবে না। মার্শ নিজেও সরে যেতে চান। সরে যেতে হতে পারে টিম পারফরম্যান্স প্রধান প্যাট হাওয়ার্ডকেও।
স্টিভ মার্শের জায়গাটিকেই পাখির চোখ করছেন। টিম পারফরম্যান্স প্রধানের চাকরিটিও তাঁর জন্য খুব একটা খারাপ হবে না। সিডনি মর্নিং হেরাল্ডকে অস্ট্রেলিয়ার অন্যতম সফল এই অধিনায়ক বলেছেন, ‘যদি সুযোগ আসে আমি নির্বাচক হতে চাই। তবে এর আগে অনেক ব্যাপার-স্যাপার মিলিয়ে নিতে হবে। সময়টাও সঠিক হতে হবে।’
তিনি বলেছেন, ‘অস্ট্রেলিয়ায় ভালো ভালো ক্রিকেট-মস্তিষ্ক আছে, কেউ আমাকে বলেনি, কিন্তু আমি জানি।’
২০০৪ সালে ক্রিকেট ছেড়ে দেওয়ার পর ২০১৫ সালের বিশ্বকাপের সময়ই অস্ট্রেলিয়া দলের কাছে এসেছিলেন তিনি। তখন তাঁকে ডাকা হয়েছিল খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে। যদিও ২০১১ সালে সাবেক দুই অধিনায়ক মার্ক টেলর ও অ্যালান বোর্ডারের সঙ্গে অস্ট্রেলীয় ক্রিকেটের সংস্কারে গঠিত একটি কমিটির সদস্যও হয়েছিলেন। তবে সরাসরি অস্ট্রেলিয়ার ক্রিকেটে কখনো ভূমিকা রাখা হয়নি। এবার সেই দায়িত্ব নিতে প্রস্তুত অনেকের চোখেই অস্ট্রেলিয়াই শুধু নয়, ক্রিকেটেরই সর্বকালের সেরা অধিনায়ক।
অধিনায়ক স্টিভ স্মিথের ‘মধুচন্দ্রিমা’ সময় শেষ হয়ে গেছে বলেই অভিমত ওয়াহর। বলেছেন, ২০১৬-১৭ স্মিথের জন্য খুবই গুরুত্বপূর্ণ বছর, ‘প্রত্যেকেরই একটা মধুচন্দ্রিমা সময় থাকে। সে সময় নিজের মতো করে অনেক কিছুই করা যায়, সেগুলো কাজও করে। কিন্তু এর পর থেকেই শুরু হয় কঠিন সময়টা।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ হারটিকে তিনি মনে করেন, ‘এটি অস্ট্রেলিয়ার ক্রিকেট পদ্ধতির ওপর বড় আঘাত। আমাদের ফিল্ডিংটা ছিল খুব বাজে। এই বাজে ফিল্ডিংই বলে দিচ্ছে আমাদের বর্তমান অবস্থা সম্পর্কে।’