অস্ট্রেলিয়ার ক্রিকেট-সংকট গড়াল প্রধানমন্ত্রী পর্যন্ত

সামনের সিরিজ-টুর্নামেন্ট ঘিরে সব প্রস্তুতি আর পরিকল্পনা যেন ভেস্তে যেতে বসেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ)। বোর্ডের সঙ্গে বেতন-ভাতাসংক্রান্ত জটিলতায় এরই মধ্যে দক্ষিণ আফ্রিকা সফর বাতিল করেছেন অস্ট্রেলিয়া ‘এ’ দলের খেলোয়াড়েরা। অনিশ্চয়তার মুখে পড়েছে দলটির বাংলাদেশ সফরও। নভেম্বরে অ্যাশেজ সিরিজও এখন হুমকির মুখে। সংকট নিরসনে সিএকে খেলোয়াড়দের সঙ্গে সমঝোতায় আসার অনুরোধ করেছেন দেশটির প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল।
গত সোমবার একটি দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে। দুই দেশের প্রধানের জঙ্গিবাদ প্রতিরোধ ও দুই দেশের বাণিজ্যবিষয়ক আলোচনার মধ্যেও চলে এসেছে অস্ট্রেলিয়ার চলমান ক্রিকেট-সংকট। সেখানে টার্নবুল বলেছেন, ‘অস্ট্রেলীয়রা তাদের ক্রিকেট দলকে সব সময় মাঠে দেখতে চায়। দুই পক্ষকে দ্রুত সমস্যা সমাধানের অনুরোধ জানাচ্ছি।’
সিএর সঙ্গে ক্রিকেটারদের বর্তমান চুক্তি শেষ হয়েছে ৩০ জুন। এরপর থেকে বেকার হয়ে আছেন ২৩০ জনের মতো ক্রিকেটার। কিন্তু নতুন চুক্তিতে প্রস্তাবিত বেতন-ভাতা নিয়ে দুই পক্ষের সমঝোতা হয়নি এখনো।