অস্ট্রেলিয়ার ‘ঘরের খবর’ ফাঁস হওয়ায় খেপেছেন ফিঞ্চ
অ্যারন ফিঞ্চ শেষ পর্যন্ত স্বীকার করলেন। জাস্টিন ল্যাঙ্গার কোচ হওয়ার পর অস্ট্রেলিয়া জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে তাঁর বিরোধ—এমন খবর এর আগে বের হয়েছে সংবাদমাধ্যমে।
ড্রেসিং রুমের ঘটনা কীভাবে বাইরে আসে, তা অবাক করেছে অস্ট্রেলিয়ার সংক্ষিপ্ত সংস্করণের এই অধিনায়ককে। তবে ল্যাঙ্গারের কোচিং স্টাইল নিয়ে ‘হতাশাজনক’ এবং ‘তেমন ভালো নয়’—এমন সমালোচনা নিয়েও কথা বলেছেন ফিঞ্চ।
ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে হারের পর বাংলাদেশ সফরে এসেও একই ব্যবধানে সিরিজ হারে অস্ট্রেলিয়া। এরপর থেকেই তোপের ওপর রয়েছেন অস্ট্রেলিয়া কোচ ল্যাঙ্গার। হাঁটুতে অস্ত্রোপচারের জন্য বাংলাদেশ সফরে আসেননি ফিঞ্চ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের পর উৎসব ও হই-হুল্লোড় করে বাংলাদেশ দল। ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটের দুই কর্মী সেই উল্লাসের ভিডিও প্রকাশ করেন নিজেদের সাইটে।
এ নিয়ে তাঁদের সঙ্গে ঝগড়াও বেঁধেছে ল্যাঙ্গার ও অস্ট্রেলিয়া দলের ম্যানেজার গ্যাভিন ডোভির। এই ঘটনা ল্যাঙ্গারের কোচিং স্টাইল নিয়ে আরও বেশি করে প্রশ্ন তুলেছে, জানিয়েছে সংবাদমাধ্যম। এ নিয়ে ফিঞ্চ বলেন, ‘খেলার ফল নিজেদের পক্ষে না গেলে এমন হতেই পারে যেকোনো দলে।’
জৈব সুরক্ষা বলয়ে দীর্ঘদিন থাকার প্রভাবকেও এই কলহের নেপথ্য কারণ হিসেবে দেখছেন ফিঞ্চ, ‘জৈব সুরক্ষা বলয়ে দীর্ঘদিন থাকার ক্লান্তি একটা কারণ হতে পারে। সফরে থাকলে বাইরে বের হওয়া যায় না। প্রায় ২৪ ঘণ্টাই ক্রিকেটের মধ্যে থাকতে হয়।’
গত বছর মে মাসে অস্ট্রেলিয়াকে টেস্ট ও টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে তুলেছিলেন ল্যাঙ্গার। কিন্তু শেষ পাঁচটি টি-টোয়েন্টি সিরিজেই হেরেছে অস্ট্রেলিয়া।
ভারতের কাছে গ্যাবায় টেস্ট হারের পরই বিরোধ এর খবর মিলেছিল অস্ট্রেলিয়া। ল্যাঙ্গারের সঙ্গে নাকি বনিবনা হচ্ছে না খেলোয়াড়দের। তবে ড্রেসিং রুমের এই খবর বাইরে ফাঁস হওয়ার বিষয়টি মেনে নিতে পারছেন না ফিঞ্চ, ‘ভেতরের এসব খবর বাইরে ফাঁস হওয়াটা মোটেই ভালো কিছু নয়।’
সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফিঞ্চ মনে করেন, টি-টোয়েন্টি সিরিজে ধারাবাহিক হার এবং দলে বিরোধের পরও শিরোপা জেতার সামর্থ্য রয়েছে অস্ট্রেলিয়ার, ‘অবশ্যই। আমাদের সেরা সামর্থ্যটুকু যে কোনো দলের চেয়েই ভালো বলে বিশ্বাস করি। আমাদের সেরা দলে কোনো ঘাটতি নেই।’
গত বছর সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়া দল তাদের বেশির ভাগ নিয়মিত খেলোয়াড়দের ছাড়াই টি-টোয়েন্টি খেলছে।