অস্ট্রেলিয়ার চেয়ে এগিয়ে থাকবে বাংলাদেশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট র‍্যাঙ্কিংয়ে অনেক ব্যবধান। অস্ট্রেলিয়া যেখানে দুই নম্বরে, সেখানে বাংলাদেশ নয়ে। আকাশ-পাতাল পার্থক্য ঐতিহ্যেও। ১৮৭৭ সালে মেলবোর্নে ইতিহাসের প্রথম টেস্ট দিয়ে শুরু, ওভালে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজে সর্বশেষ টেস্টটি ছিল অস্ট্রেলিয়ার ৭৮০তম। ১৩৮ বছর আগে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের হাত ধরে যে টেস্ট ক্রিকেটের গোড়াপত্তন হয়েছিল, সেখানে বাংলাদেশের পদচারণা মাত্র দেড় দশকের। এ পর্যন্ত খেলেছে মাত্র ৯৩টি টেস্ট। কিন্তু এই দুটি দলই যখন আগামী ৯ অক্টোবর চট্টগ্রামে দুই টেস্টের সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে, খুব সম্ভাবনা আছে দলগত অভিজ্ঞতায় অস্ট্রেলিয়ার চেয়ে বাংলাদেশের এগিয়ে থাকার!

ভাবছেন, কী করে সম্ভব? অ্যাশেজ ব্যর্থতা আর বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড়ের অবসরের পর পালাবদলের সময় চলছে অস্ট্রেলিয়ান ক্রিকেটে। যেটি তাদের এমন এক বাস্তবতার সামনে ঠেলে দিয়েছে যে স্মরণকালের সবচেয়ে অনভিজ্ঞ অস্ট্রেলিয়া দল আসতে পারে বাংলাদেশ সফরে!

অ্যাশেজ দিয়েই আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করেছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্ক ও ওপেনার ক্রিস রজার্স। মিচেল জনসনকে বাংলাদেশ সফরে বিশ্রাম দেওয়ার কথা ভাবছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এই তিনজন না থাকা মানে এক ঝটকায় ২১১ টেস্টের (ক্লার্ক ১১৫, রজার্স ২৫ ও জনসন ৭১) অভিজ্ঞতা কমে যাচ্ছে অস্ট্রেলিয়া দল থেকে। বাঁ হাতের বুড়ো আঙুলে চোট ডেভিড ওয়ার্নারকে ইংল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজ থেকে ছিটকে দিয়েছে। বাংলাদেশ সফরেও তাঁর খেলার সম্ভাবনা নেই বললেই চলে। যদি ওয়ার্নারও না আসেন, সংখ্যাটা ২১১ থেকে বেড়ে ২৫৪ হয়ে যাবে। তখন মিলিতভাবে ২০০ টেস্ট খেলার অভিজ্ঞতা নিয়ে অস্ট্রেলিয়া বাংলাদেশে আসতে পারে কি না, তা নিয়েই সন্দেহ!

এই জায়গায় একটা বড় ভূমিকা থাকবে পেসার পিটার সিডলের দলে ডাক পাওয়া না-পাওয়ার। ৩০ বছর বয়সী অস্ট্রেলিয়ান পেসার এ বছর একটাই টেস্ট খেলেছেন, ওভালে অ্যাশেজের শেষ টেস্ট। নিজের বাজে ফর্ম এবং সঙ্গে জনসন, মিচেল স্টার্ক ও হ্যাজলউডের দাপট মিলিয়ে দলে জায়গা হারিয়েছিলেন সিডল। ওভালের আগে সর্বশেষ টেস্টটা খেলেছেন গত বছর ডিসেম্বরে ভারতের বিপক্ষে অ্যাডিলেডে। কিন্তু পরিবর্তিত পরিস্থিতি তাঁর জন্য সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। অন্তত বাংলাদেশ সফরে হয়তো নির্বাচকদের বিবেচনায় ভালোমতোই থাকবেন। আর যদি ৫৭ টেস্ট খেলা সিডল দলে থাকেন তাহলে টেনেটুনে মিলিতভাবে ২০০ টেস্ট খেলার অভিজ্ঞতা হবে বাংলাদেশ সফরে সম্ভাব্য অস্ট্রেলিয়া দলটার। সিডল না থাকলে দলের সবচেয়ে অভিজ্ঞ দুই খেলোয়াড় হবেন অফ স্পিনার নাথান লায়ন (৪৬ টেস্ট) ও অধিনায়ক স্টিভেন স্মিথ (৩৩)। দলের মিলিত অভিজ্ঞতা তখন নেমে আসবে ১৫০ টেস্টের নিচে! ১৯৮৭ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের পর আর কখনো ২০০ টেস্টের কম অভিজ্ঞতা নিয়ে মাঠে নামেনি অস্ট্রেলিয়ার কোনো দল। সত্তরের দশকের মাঝামাঝি সময়ে তারকা খেলোয়াড়েরা কেরি প্যাকারের ওয়ার্ল্ড সিরিজ ক্রিকেটে খেলতে চলে যাওয়ার পর একেবারে অনভিজ্ঞদের নিয়ে দল গড়তে হয়েছিল অস্ট্রেলিয়াকে। বাংলাদেশ সফরের দলটার মিলিত অভিজ্ঞতা ১৫০ টেস্টের চেয়ে কম হলে তুলনা খুঁজতে হবে সেটির সঙ্গেই। 

বাংলাদেশ সর্বশেষ টেস্ট খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকায়। যেটিতে একাদশের মিলিত অভিজ্ঞতা ছিল ২৩৩ টেস্টের। অস্ট্রেলিয়ার বিপক্ষেও সংখ্যাটা আশপাশেই থাকবে। দলগত অভিজ্ঞতায় অস্ট্রেলিয়ার চেয়ে বাংলাদেশ তো তাহলে এগিয়েই থাকবে! তথ্যসূত্র: সিডনি মর্নিং হেরাল্ড।