অস্ট্রেলিয়ার জুজুর নাম স্পিন
একজন এর আগে খেলেছেন মাত্রই দুটি টেস্ট। আরেকজনের তো অভিষেকই হলো দুবাই টেস্টে। শেষ পর্যন্ত জুলফিকার বাবর আর ইয়াসির শাহের স্পিন বিষেই নীল হলো অস্ট্রেলিয়া। দুবাই টেস্টে ২২১ রানে হেরে যাওয়ার পর প্রশ্নটা উঠেই গেল, তাহলে কি স্পিনই ঠিক করে দেবে সিরিজের ভাগ্য? কাল থেকে শুরু হতে যাওয়া পাকিস্তান-অস্ট্রেলিয়া আবুধাবি টেস্টেই উত্তরটা পাওয়া যাবে।
‘নিষিদ্ধ’ সাঈদ আজমল না থাকায় পাকিস্তানের স্পিনাররা কতটুকু কী করতে পারবেন সেটা নিয়ে সংশয় ছিল। সেই পরীক্ষায় দুই স্পিনার পুরো নম্বর পেয়েই পাস করেছেন। দুজন মিলে অস্ট্রেলিয়ার দুই ইনিংসে নিয়েছেন ১৪ উইকেট। মোহাম্মদ হাফিজ তাঁর অফ স্পিনে নিয়েছেন আরও একটি। ঘূর্ণিবলই শেষ পর্যন্ত ঠিক করে দিয়েছে দুবাই টেস্টের ভাগ্য। ২০ বছরের অতৃপ্তি ঘোচাতে পাকিস্তানের ভরসা এখন যেন স্পিনাররাই। ১৯৯৪ সালে সর্বশেষ অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট সিরিজ জিতেছিল পাকিস্তান। আবুধাবি টেস্ট ড্র করতে পারলেই সেই কীর্তির পুনরাবৃত্তি হবে। আরও একটা হাতছানি আছে মিসবাহদের সামনে, এই টেস্টে জিতলে টেস্ট র্যাঙ্কিংয়ের তিনে উঠবে পাকিস্তান।
কিন্তু এশিয়ার কন্ডিশনে অস্ট্রেলিয়ার স্পিন-জুজু কাটানোর উপায় কী? গত ভারত সফরেও স্পিনেই সর্বনাশ হয়েছিল ক্লার্কদের। অশ্বিন-জাদেজা-হরভজনের তোপে ৪-০ তে সিরিজ হেরেছিল অস্ট্রেলিয়া। স্পিনে দলের সবচেয়ে স্বচ্ছন্দদের একজন স্টিভেন স্মিথ সতীর্থদের সামনে গিয়ে খেলার পরামর্শ দিচ্ছেন, ‘ইনিংস শুরু করাটাই সবচেয়ে বড় কথা। আপনি যদি মনে করেন কয়েকটা বল দেখার পর আপনার পরিকল্পনা অনুযায়ী খেলবেন, তাহলে বিপদে পড়বেন। প্রথম বল থেকেই আপনাকে আপনার পরিকল্পনা অনুযায়ী খেলতে হবে।’
প্রথম টেস্টে হারের পর ক্লার্ক অবশ্য ঘুরে দাঁড়ানোর প্রতিজ্ঞাই করেছেন, ‘হারলে মনে হয় আমাদের শরীরে যেন আগুন জ্বলে গেছে। আমরা হারতে পছন্দ করি না, অস্ট্রেলিয়ানরাও সাধারণভাবে সেটা করে না।’ এএফপি।