অস্ট্রেলিয়ার টি–টোয়েন্টি বিশ্বকাপ দলে ইংলিস
অ্যালেক্স ক্যারিকে বলা হয় অস্ট্রেলিয়ার ভবিষ্যৎ টেস্ট অধিনায়ক। সাদা বলের ক্রিকেটেও তাঁর ওপর ভরসা রেখেছে অস্ট্রেলিয়া। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফরে মোটেও ভালো করতে পারেননি ক্যারি।
৮ ইনিংসে ৮.১৪ গড়ে ৫৭ রান। অস্ট্রেলিয়ার নির্বাচকেরা তাই ক্যারির ওপর আস্থা রাখতে পারেননি। তাঁকে বাইরে রেখেই আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।
ক্যারির পাশাপাশি জশ ফিলিপেও বাংলাদেশ সফরে ভালো করতে পারেননি। দুজনকে পেছনে ফেলে নির্বাচকদের আস্থা অর্জন করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা উইকেটকিপার ব্যাটসম্যান জশ ইংলিস।
অস্ট্রেলিয়ার ১৫ সদস্যের বিশ্বকাপ দলে তাঁকে ডাকা হয়েছে। দলে ফিরেছেন স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স ও গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, কেন রিচার্ডসনের মতো তারকারা। সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফরের দল থেকে আট খেলোয়াড়কে বাইরে রেখে বিশ্বকাপ দল গঠন করেছে অস্ট্রেলিয়া।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি জানিয়েছেন, ক্যারিকে বাদ দেওয়ার কারণ ‘পুরোপুরি পারফরম্যান্সনির্ভর’ এবং সাদা বলের ক্রিকেটে অন্তত ওয়ানডেতে তাঁর ভবিষ্যৎ দেখেন তিনি, ‘আমরা টি-টোয়েন্টি ও ওয়ানডে দল আলাদা করতে চাই। সাম্প্রতিক সফরে ওয়ানডে ম্যাচেও ক্যারি ভালো করেছে।’
ক্যারির জায়গায় সুযোগ পাওয়া ইংলিস ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি ব্লাস্ট টুর্নামেন্টে ১৭৫.৮২ স্ট্রাইকরেটে ৪৮.২৭ গড়ে ৫৩১ রান করেছেন।
বেইলি জানান, ইংলিসের ওপর ‘বেশ আগে থেকেই নজর ছিল’ নির্বাচকদের, ‘সে স্পিনে ভালো। খেলা শেষ করে আসার সামর্থ্যও আছে। মাঠের চারপাশে শট খেলতে পারে। শক্তিশালী ও অলরাউন্ডার ক্রিকেটার। আমরা তার ওপর আগে থেকেই চোখ রেখেছিলাম।’
অস্ট্রেলিয়া কখনো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারেনি। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের মাটিতে সিরিজ হেরে বিশ্বকাপে প্রতিদ্বন্দ্বিতা করতে যাবে অস্ট্রেলিয়া দল। এ বছর ১৫টি টি-টোয়েন্টি খেলে মাত্র চার ম্যাচ জিতেছে তারা।
জশ হ্যাজলউড সাম্প্রতিক সফরগুলোয় ভালো করায় কপাল পুড়েছে ঝাই রিচার্ডসনের। আরব আমিরাতের স্পিনবান্ধব কন্ডিশন মাথায় রেখে তিন স্পিনার অ্যাশটন অ্যাগার, মিচেল সোয়েপসন ও অ্যাডাম জাম্পাকে দলে রেখেছেন নির্বাচকেরা।
বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের মধ্যে যে ম্যাচটি জিতেছে, সেখানে ১২ রানে ৩ উইকেট নিয়ে টি-টোয়েন্টি সংস্করণে ক্যারিয়ারসেরা পারফরম্যান্স করেছেন সোয়েপসন। ১৭ অক্টোবর থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২৩ অক্টোবর সুপার টুয়েলভ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়ে টুর্নামেন্ট শুরু করবে অস্ট্রেলিয়া।
টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া দল
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, জশ ইংলিস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, মিচেল সোয়েপসন, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।
রিজার্ভ: ড্যান ক্রিস্টিয়ান, নাথান এলিস ও ড্যানিয়েল স্যামস।