অস্ট্রেলিয়ার টেস্ট দলে মেনি
দুটি ওয়ানডে এরই মধ্যে খেলেছেন। টেস্ট অভিষেক অবশ্য এখনো হয়নি। তবে অস্ট্রেলিয়ান পেসার জো মেনির সেই স্বপ্নও সত্যি হয়ে যেতে পারে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে। তিন টেস্ট সিরিজের প্রথম দুটির জন্য গতকাল ১২ জনের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ডাক পেয়েছেন ডানহাতি এই সাউথ অস্ট্রেলিয়ান পেসার।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কিছুদিন আগে হয়ে যাওয়া ওয়ানডে সিরিজে অভিষেক। পাঁচ ম্যাচের ওই সিরিজটা অস্ট্রেলিয়ার জন্য বিস্মরণযোগ্য, হয়েছে ধবলধোলাই। অভিষেকটা ভালো হয়নি ২৭ বছর বয়সী মেনিরও। সিরিজের দ্বিতীয় ম্যাচে ১০ ওভারে ৮২ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য, পরে আবার সুযোগ পান পঞ্চম ম্যাচে। ওই ম্যাচে অবশ্য ৪৯ রানে ৩টি উইকেট পেয়েছেন। কিন্তু তারপরও জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক ও পিটার সিডলদের ভিড়ে মেনির টেস্ট দলে ডাক পাওয়াটা চমকই। তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক রডনি মার্শের যুক্তি, ‘সর্বশেষ ১২ মাসে সে ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মে আছে। শেফিল্ড শিল্ডে গত মৌসুমে সর্বোচ্চ উইকেট তার। এ ছাড়া নিচের দিকে সে ব্যাটটাও ভালো চালাতে পারে।’
আগামী ৩ নভেম্বর পার্থে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। পরের দুটি টেস্ট হোবার্ট ও অ্যাডিলেডে। রয়টার্স।