অস্ট্রেলিয়ার পরেই বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

১৯৯৬ বিশ্বকাপের আগে ও পরে—শ্রীলঙ্কার ক্রিকেটকে স্পষ্টই দুই ভাগে ফেলা যায়। ২১ নভেম্বর ২০১৪ সালের আগে ও পরে—বাংলাদেশের ক্রিকেটকে বোধ হয় দুই ভাগে ভাগ করার সময় হলো। ২০১৪ সালের প্রথম ১০ মাস ওয়ানডেতে কোনো জয় ছিল না বাংলাদেশের। ১৩ ম্যাচের ১২টিতেই হারা (অন্য ম্যাচটি পরিত্যক্ত) দলটি এরপর ১৯ ম্যাচের ১৪টিতেই জিতেছে। এই সময়ে বাংলাদেশ সিরিজ জিতেছে জিম্বাবুয়ে, ভারত ও পাকিস্তানের বিপক্ষে। বিশ্বকাপেও কোয়ার্টার ফাইনালে উঠে প্রমাণ দিয়েছে সামর্থ্যের। পরশু হারাল দক্ষিণ আফ্রিকার মতো মহাশক্তিকেও।
২০১৪ সালের নভেম্বর থেকে গত সাড়ে আট মাসের হিসাবই বলে দিচ্ছে ওয়ানডেতে বাংলাদেশ কতটা উন্নতি করেছে। এই সময়ে খেলা মোট ম্যাচের শতকরা ৭৩.৬৮ ভাগই জিতেছে বাংলাদেশ। সাফল্যের এই হারে মাশরাফিদের ওপরে আছে শুধু অস্ট্রেলিয়া। ১৮ ম্যাচে ১৫ জয়—বিশ্ব চ্যাম্পিয়নদের জয়ের হার ৮৩.৩৩ শতাংশ। এই সময়ে সবচেয়ে বেশি ১৯ ম্যাচ জিতেছে নিউজিল্যান্ড। তবে কিউইরা ম্যাচ খেলেছে ২৮টি।