অস্ট্রেলিয়ার পেস বনাম কিউই ব্যাটিং
সাফল্য দেখলে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার ধারেকাছেও নেই। পাঁচ পাঁচটি বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের বিশ্বকাপ সাফল্য বলতে গত বছর রানার্সআপ হওয়া। মুখোমুখি লড়াইয়েও অস্ট্রেলিয়া বহু এগিয়ে। এরপরও তাসমান সাগরের দুই পারের দল দুটির দ্বৈরথ উত্তাপ ছড়ায়। উপলক্ষ যা-ই হোক, বিশ্বকাপ কিংবা চ্যাম্পিয়নস ট্রফি অথবা কোনো ওয়ানডে সিরিজ; দুই দলেই থাকে যুদ্ধংদেহী একটা মেজাজ। কেউ কাউকে ছেড়ে কথা বলতে চায় না।
গত বিশ্বকাপের কথাই ধরা যাক। গ্রুপ ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়াকে দুমড়েমুচড়ে দিয়ে জিতেছিল কিউইরা। ফাইনালে আবার নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে শিরোপা জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বে আজ এজবাস্টনে আরেকটি তাসমানিয়ান দ্বৈরথ। এই টুর্নামেন্টে অবশ্য একটি শিরোপা আছে নিউজিল্যান্ডের। তবে এগিয়ে সেই অস্ট্রেলিয়া (দুটি শিরোপা)।
তবে নিউজিল্যান্ড যে ছেড়ে কথা কইবে না সেটা বোঝা যায় এবারের টুর্নামেন্টে নিজেদের সম্ভাবনা নিয়ে বলা রস টেলরের কথায়। চ্যাম্পিয়নস ট্রফির প্রেরণাও কিউই এই ব্যাটসম্যান খুঁজছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে অতীত সাফল্য থেকে, ‘অস্ট্রেলিয়াকে ২০০৭ সালের চ্যাপেল-হ্যাডলি ট্রফিতে ৩-০-তে হারানোটা ছিল দারুণ। দলের গভীরতাই হয়তো আমাদের সবচেয়ে বড় শক্তি।’
সত্যিকার অর্থে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের শক্তি আর দুর্বলতা কী, সেটা একটু দেখে নেওয়া যেতে পারে।
শক্তির জায়গা
মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জেমস প্যাটিনসন ও জস হ্যাজলউড—অস্ট্রেলিয়ার এই পেস চতুষ্টয় অনেককেই ফিরিয়ে নিয়ে যাচ্ছে সত্তরের দশকে। মনে করিয়ে দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ দলের বিধ্বংসী পেস চতুষ্টয় অ্যান্ডি রবার্টস, মাইকেল হোল্ডিং, কলিন ক্রফট ও জোয়েল গার্নারের কথা। অস্ট্রেলিয়ার সবচেয়ে শক্তির জায়গা এটিই। কোচ ড্যারেন লেম্যানও এই চার ফাস্ট বোলারকে নিয়ে রোমাঞ্চিত, ‘তাদের একসঙ্গে এখানে খেলতে দেখাটা দারুণ। দেখি কী করতে পারে ওরা।’
আইসিসির যেকোনো টুর্নামেন্টেই নিউজিল্যান্ড ‘কালো ঘোড়া’। এবারের টুর্নামেন্টে ফেবারিট বাছতে গিয়ে তাদের দূরে সরিয়ে রাখছেন না কেউ। নিউজিল্যান্ডের সবচেয়ে বড় শক্তির জায়গা ‘ব্যাটিং আর বোলিং দুটিই মোটামুটি পারেন’ ধরনের বেশ কয়েকজন খেলোয়াড় দলে থাকা।
দুর্বলতা
নিউজিল্যান্ডের শক্তির জায়গাই আবার তাদের সবচেয়ে বড় দুর্বলতা। বোলিংয়ে টিম সাউদি আর ট্রেন্ট বোল্ট আছেন। ব্যাটিংয়ে কেন উইলিয়ামসন, রস টেলর, টম ল্যাথাম—এঁদের বাইরে মানসম্পন্ন বিশেষজ্ঞ ব্যাটসম্যান বা বোলার খুব বেশি নিউজিল্যান্ড দলে নেই।
ডেভিড ওয়ার্নার আর স্টিভেন স্মিথ এ মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা টপ অর্ডার ব্যাটসম্যান। যেকোনো বোলিং আক্রমণকে গুঁড়িয়ে দিতে পারেন তাঁরা। এরপরও ব্যাটিংই অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় দুর্বলতা। ওপরের দিকের ব্যাটসম্যানরা ব্যর্থ হলে দলকে টেনে নেওয়ার মতো কেউ অস্ট্রেলিয়ার মিডল অর্ডারে নেই বললেই চলে।
বাজির ঘোড়া
গত ১২ মাসে ওয়ানডেতে সবচেয়ে বেশি উইকেট পাওয়া পেসার স্টার্ক আছেন। হ্যাজলউড, প্যাটিনসন আর কামিন্স গতির ঝড় তুলবেন। আছেন আইপিএলে সর্বোচ্চ রান (১৪ ম্যাচে ৬৪১) করা ওয়ার্নার। দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে পারেন অধিনায়ক স্মিথ। তবে এঁদের সবাইকে ছাপিয়ে অস্ট্রেলিয়ার জয়ের নায়ক হতে পারেন একটি মাত্র ওয়ানডে খেলা ক্রিস লিন। এবারের আইপিএলে কলকাতার হয়ে ৭ ম্যাচে ৪৯.১৬ গড়ে করেছেন ২৯৫ রান, সর্বোচ্চ অপরাজিত ৯৩। কিউইদের ভরসা হতে পারেন মার্টিন গাপটিল। বিধ্বংসী এই ওপেনারের বড় ইনিংস খেলার সামর্থ্য সবারই জানা। গত বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের যন্ত্রণা দিয়ে খেলেছিলেন অপরাজিত ২৩৭ রানের ইনিংস। যেটি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। গত মার্চে হ্যামিল্টনে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিলেন অপরাজিত ১৮০ রান করে। কে জানে, তাসমানিয়ান দ্বৈরথে এই ওপেনারই হয়ে যেতে পারেন কিউইদের জয়ের নায়ক। তথ্যসূত্র: এএফপি, ক্রিকইনফো।