অস্ট্রেলিয়ার জন্য ম্যাচটা বাঁচা-মরার। এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলা ইংল্যান্ডের জন্য মর্যাদার। কেমন হবে ম্যাচ, পার্থক্য গড়ে দেবেনই বা কে? আইসিসির ওয়েবসাইটে লেখা কলামে নিজেদের ভাবনা জানিয়েছেন মাইক হাসি ও ইয়ান বেল

শনিবার ইংল্যান্ড ম্যাচটা অস্ট্রেলিয়ার কাছে ফাইনাল। জয় ছাড়া অন্য কোনো বিকল্প যে নেই তাদের হাতে। ওদের টানা দুটি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে ফল ছাড়াই। এখন ওদের জন্য ব্যাপারটা—জেতো, নতুবা বাড়ির পথ ধরো! আর ইংল্যান্ড টানা দুই ম্যাচ জিতে সেমিফাইনালে জায়গা করে নিয়েই খেলতে আসছে এই ম্যাচে।
অনেকে হয়তো ভাবছেন ইংল্যান্ড একটু ঢিলেমি দিতে পারে এ ম্যাচে, যেহেতু এরই মধ্যে তাদের সেমিফাইনালে ওঠার কাজটা শেষ। কিন্তু যাঁরা এমনটা ভাবছেন, তাঁরা এই ইংল্যান্ড দল সম্পর্কে কিছুই জানেন না। ইংল্যান্ড জিততে চায়।
চার ফাস্ট বোলারের অস্ট্রেলিয়া তাদের পুরো পেস আক্রমণ নিয়ে নামে কি না, সেটি দেখার বিষয়। আমার কাছে ওটাই (অস্ট্রেলিয়ার জন্য) স্বাভাবিক পছন্দ মনে হচ্ছে—পুরো আক্রমণাত্মক খেলে ইংল্যান্ডকে হারিয়ে দাও! মিচেল স্টার্ক আছে, যে বিশ্বের সেরাদের একজন, বল সুইং করানো আর ইয়র্কার দেওয়ায় ‘মাস্টার’। সঙ্গে জশ হ্যাজলউড, প্যাট কামিন্স ও জেমস প্যাটিনসনকে যোগ করে নিন, ভয়ংকর চার ফাস্ট বোলারকে পাবেন।
এজবাস্টনের উইকেট দুর্দান্ত হবে। যদি বৃষ্টি না থাকে রানও হবে অনেক।
আমি কল্পনায় দেখছি ইংল্যান্ড দল এখন অস্ট্রেলিয়াকে বিদায় করে দেওয়ার আনন্দ করছে। শুধু তো চিরপ্রতিদ্বন্দ্বীকে বিদায় করাই তো নয়, এর মানে শিরোপার বড় এক দাবিদারকেও গ্রুপ পর্বেই বাড়ি পাঠিয়ে দেওয়া!
ইয়ান বেল: সাবেক ইংল্যান্ড ব্যাটসম্যান